কোরিওগ্রাফিকে ফারাহর বিদায়
গত বছর বলিউডের আলোচিত দুটি গান হচ্ছে ‘মুন্নি বদনাম হুয়ি’ এবং ‘শিলা কি জাওয়ানি’। ফারাহ খান এ দুটি গানের কোরিওগ্রাফার ছিলেন। আগের সুনাম ও গান দুটোর অভাবনীয় জনপ্রিয়তা কোরিওগ্রাফার বা নৃত্যনির্দেশক হিসেবে ফারাহ খানের গ্রহণযোগ্যতাকে অনেক উঁচুতে নিয়ে গেছে। পাশাপাশি তিনি বেশ কয়েকটি ব্যবসাসফল ছবির নির্মাতাও। কোরিওগ্রাফি ও পরিচালনার বাইরে সম্প্রতি প্রযোজকের খাতায়ও নাম লিখিয়েছেন ফারাহ। শিরীষ কুন্দর পরিচালিত এই ছবিটির নাম ‘জোকার’। ফারাহ এই ছবিতেও গান ও নাচের কোরিওগ্রাফি করছেন।তবে একটু হতাশার খবর হলো বলিউডের আলোচিত নির্মাতা ফারাহ খান সম্প্রতি কোরিওগ্রাফি থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ধারণা করা হচ্ছে, নিজের প্রযোজিত ‘জোকার’ই হচ্ছে তাঁর শেষ কোরিওগ্রাফি করা ছবি।ফারাহ সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘আমি অনেক দিন ধরেই কোরিওগ্রাফি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। বন্ধু-বান্ধব এবং কাছের মানুষদের অনুরোধে সেটা কোনোভাবেই করতে পারছিলাম না। তবে আমি মনে করছি, এখনই আমার এ জগত্ থেকে বিদায় নেওয়া উচিত।’ফারাহ জানান, গানের কোরিওগ্রাফি করার মধ্যে আসলে অন্য রকম একটা আনন্দ রয়েছে। তা ছাড়া আমি তো এখন একজন পরিচালক ও প্রযোজক। তবে যত কিছুই হোক না কেন, কোরিওগ্রাফির দিকে আমি আর সেভাবে মনোযোগ দিতে চাচ্ছি না।’ ফারাহ খান আরও জানান, আগামী বছরই তিনি নতুন ছবি নির্মাণের কাজ শুরু করবেন। কিন্তু এরই মধ্যে ছবির চিত্রায়ণের সবকিছুই ঠিক করে নিয়েছেন।