কোরিয়া আন্তর্জাতিক নাট্যোৎসবে ‘মহাজনের নাও’
কোরিয়ার রাজধানী সিউলে প্রতিবছর সরকারিভাবে আন্তর্জাতিক নাট্যোৎসবের আয়োজন করা হয়। গত বছর থেকে বাংলাদেশের একটি করে নাটকের দল সরকারিভাবে উৎসবে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। কোরিয়া সরকার বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে আমন্ত্রণ জানায়। সেখান থেকে শিল্পকলা একাডেমীর হাত হয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মাধ্যমে দল নির্বাচিত হয়। ফেডারেশন তিনটি দল নির্বাচন করে। উৎসবে অংশ নেওয়ার জন্য সেখান থেকে একটি দলকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। গত বছর রাঢ়াঙ নিয়ে যোগ দিয়েছিল আরণ্যক নাট্যদল। এ বছর ঢাকার সুবচন নাট্যসংসদ নির্বাচিত হয়েছে। কোরিয়ার রাজধানী সিউলে আগামী ২৭ জুলাই এই উৎসব শুরু হবে। চলবে ১৫ আগস্ট পর্যন্ত। উৎসবে ১২ ও ১৩ আগস্ট সুবচন নাট্যসংসদ মহাজনের নাও নাটকটি প্রদর্শন করবে। এই উৎসবে অংশ নেওয়ার সুযোগ পাওয়ায় বাংলা নাটকের জন্য খুবই ইতিবাচক হিসেবে দেখছেন দলের প্রধান সমন্বয়ক আহম্মেদ গিয়াস। শাহ আবদুল করিমের জীবন নিয়ে নাটকটি লিখেছেন শাকুর মজিদ আর নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।নাটকটিতে অভিনয় করেছেন আহম্মেদ গিয়াস, আমিরুল ইসলাম, আসাদুল ইসলাম আসাদ, আনসার আলী, লিথু রানী, সোহেল, রাসেল, জনি, রুপা নাসরিন প্রমুখ।