কোরিয়ায় 'টেলিভিশন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চলচ্চিত্র টেলিভিশন এবার বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে দক্ষিণ কোরিয়ায়। সেখানে ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে অ্যাট নাইন ফিল্ম। এই প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ৭ নভেম্বর দক্ষিণ কোরিয়ার সিউল, বুসান আর দেইগু শহরে একযোগে মুক্তি পাবে ছবিটি। এ উপলক্ষে তিন দিনের জন্য দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন ফারুকী।
ফারুকী বলেন, ‘যুক্তরাষ্ট্র, চীন, ভারত, কোরিয়া ও হংকং—পাঁচটি দেশকে চলচ্চিত্রের বড় বাজার হিসেবে মনে করা হয়। এমনই বাজারে টেলিভিশন ছবির বাণিজ্যিক মুক্তি পাওয়ায় বাংলাদেশের চলচ্চিত্র আরেক ধাপ এগিয়েছে।’
ফারুকী আরও জানান, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের জন্য টেলিভিশন ছবির সম্প্রচার স্বত্ব কিনেছে অ্যাস্ট্রো। শিগগিরই অ্যাস্ট্রো টিভিতে প্রচারিত হবে ছবিটি। এ উপলক্ষে অ্যাস্ট্রো টিভি ও রেডিও ফারুকীর একটি সাক্ষাৎকার প্রচার করবে।
এদিকে নভেম্বর ও ডিসেম্বর মাসে টেলিভিশন ছবিটি ভারতের কেরালা ও কলকাতা এবং ইন্দোনেশিয়ার জাকার্তার নেটপ্যাক উৎসবে প্রদর্শন করা হবে।