

আরজে ও অভিনয়শিল্পী শ্রিয়া সর্বজয়া এখন আছেন যুক্তরাষ্ট্রে। গত শনিবার সেখানে নিউইয়র্কের নিউ জার্সিতে অনুষ্ঠিত জনপ্রিয় মার্কিন গানের দল কোল্ডপ্লের কনসার্ট দেখতে যান তিনি। কোল্ডপ্লে-ভক্ত শ্রিয়া তাঁর সেই কনসার্ট অভিজ্ঞতার বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন। সেখানেই শ্রিয়ার বাবা অভিনেতা আলী যাকের মেয়ের এই রোমাঞ্চকর ভ্রমণে ঈর্ষান্বিত হয়ে মজার মন্তব্য করেছেন।
বন্ধুদের সঙ্গে কনর্সাটস্থলে তোলা একটি ছবি গত শনিবার ফেসবুকে দেন শ্রিয়া সর্বজয়া। তাতে লেখেন, ‘কোল্ডপ্লে আমরা রেডি!’ ছবিটি দেওয়ার কিছুক্ষণ পরই বাবা আলী যাকের তাতে মজা করে লেখেন, ‘আজকালকার পোলাপানেরা কত সহজে কত দূর দূর চলে যায়। আমাদের ঠ্যাং কাঁপত। গলা শুকাইত। বুক ধড়ফড় করত।’
ছবিটি দেওয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থানরত শ্রিয়ার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যোগাযোগ করা হয়। তিনি জানান, কোল্ডপ্লের ‘হেড ফুল অব ড্রিম ট্যুর’-এর অংশ হিসেবে গত শনিবার নিউ জার্সির একটি স্টেডিয়ামে কনসার্টটি অনুষ্ঠিত হয়। তাঁরা কয়েকজন বন্ধু মিলে ওই কনসার্টটি দেখতে গিয়েছিলেন।