কৌতুক অভিনেতা নরম্যান উইজডমের জীবনাবসান
জনপ্রিয় কৌতুক অভিনেতা ও গায়ক স্যার নরম্যান উইজডম আর নেই। গতকাল সোমবার সন্ধ্যায় ব্রিটেনের আইল অব ম্যান নামে একটি নার্সিং হোমে তিনি ৯৫ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, গত ছয় মাস তিনি মারাত্মকভাবে হূদরোগে আক্রান্ত ছিলেন। এর ফলে তাঁর শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হয়। নরম্যান উইজডম ১৯৫৩ সালে ‘ট্রাবল ইন স্টোর’ নামে একটি ছবিতে অভিনয় করে বেশ সাড়া জাগান। এ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য ১৯৫৪ সালে তিনি ‘বাপটা’ পুরস্কার লাভ করেন। ১৯৬৬ সালে লন্ডন ফিল্ম ক্রিটিকস নামের সংস্থা কৌতুক অভিনয়ে বিশেষ অবদানের জন্য তাঁকে পুরস্কৃত করে।লন্ডনে জন্মগ্রহণ করা নরম্যান চলচ্চিত্রে কৌতুক অভিনয়ের জন্য গত শতকের পঞ্চাশ ও ষাটের দশকে সুপরিচিত ছিলেন। দীর্ঘ চলচ্চিত্রজীবনে নরম্যান অসংখ্য টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে ট্রাবল ইন স্টোর, ম্যান অব দ্য মোমেন্ট, জাস্ট মাই লাক, দ্য গার্ল অন দ্য বোট, প্রেস ফর টাইম, নরম্যান, মিউজিক হল, বিবিসি প্লে হাউস: গোয়িং জেন্টলি, জানফ্যানস অ্যাটিক, করোনেশন স্ট্রিট উল্লেখযোগ্য।উল্লেখ্য, স্যার নরম্যান উইজডম ১৯১৫ সালের ৪ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন।