কৌশিক সেন ও অসমাপ্ত আড্ডা
কৌশিক সেন কলকাতার নামজাদা অভিনেতা। মঞ্চের মানুষ। বাংলাদেশে এসেছিলেন মঞ্চনাটক নিয়ে। ১৪ নভেম্বর সকালে আমরা যখন তাঁর সঙ্গে কথা বলছি, ওই দিন সন্ধ্যায় ছিল ম্যাকবেথ নাটকের মঞ্চায়ন। এই নাটকের নির্দেশক তিনি। তাই সকালে তাঁর দম ফেলার ফুরসত নেই। কত কাজ—শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় এই মঞ্চ পরিকল্পনা করছেন তো ওই মঞ্চের বিভিন্ন দ্রব্য ঠিক জায়গায় রাখা হচ্ছে কি না, সেটি তীক্ষভাবে দেখভাল করছেন। এর মধ্যে আবার অভিনেতা-অভিনেত্রীদের খোঁজখবরও রাখতে হচ্ছে তাঁকে। এত ব্যস্ততার মধ্যেই কথা হচ্ছিল কৌশিক সেনের সঙ্গে। নির্দেশকের শেষ মুহূর্তের কাজগুলো সমাধা করতে করতেই আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। বাংলাদেশের মঞ্চে নাটক করা তাঁর কাছে যেন পানিভাত। কথার শুরুতে হাসতে হাসতে বললেন, ‘থিয়েটার আর্ট ইউনিটের উৎসবে এই যে ম্যাকবেথ নাটক নিয়ে এলাম; এর আগে বিভিন্ন নাটক নিয়ে আরও পাঁচবার এসেছি। প্রথম এসেছিলাম টিকটিকি নাটক নিয়ে। সেই ১৯৯৬ সালের কথা। শিল্পকলার মঞ্চে এতবার দাঁড়িয়েছি যে মনেই হয় না নতুন কোনো জায়গায় নাটক করছি।’সকালে কৌশিক সেন যখন কথাগুলো বলছেন, তার খানিক পর সন্ধ্যায় নিজের দল স্বপ্নসন্ধানীর প্রযোজনা ম্যাকবেথ-এ মূল চরিত্র ম্যাকবেথের অভিনয় করবেন তিনি। সবার মতো আমরাও অধীর তাঁর অভিনয় দেখার জন্য। কিন্তু এর আগেই তিনি একে একে বলে গেলেন অভিনেতা হিসেবে নিজের বেড়ে ওঠা ও গড়ে ওঠার কথা। বেড়ে উঠেছেন অভিনয়ের আবহের মধ্যে। বাবা শ্যামল সেন ও মা চিত্রা সেন দুজনই নন্দিত অভিনয়শিল্পী। ফলে তাঁদের সন্তানও যে অভিনয় করবেন, এ যেন আগে থেকেই ঠিক ছিল। কিন্তু সেটি কি এমন যে মুখে বুলি ফোটার আগেই ছেলেটি নাটকের সংলাপ আওড়াবে! কৌশিক সেনের ক্ষেত্রে এমনটাই ঘটেছে।‘অভিনয় ছাড়া আর কি কিছু পারি? না, অভিনয়ের মতো ভালো করে তেমন কিছুই পারি না।’—আমাদের সঙ্গে কথা বলার সময় নিজেই প্রশ্ন রেখে নিজেই উত্তর দিলেন কলকাতার নাট্যদল স্বপ্নসন্ধানীর প্রধান কৌশিক সেন। টেলিভিশন, চলচ্চিত্র, মঞ্চ—সব খানেই তাঁর তুখোড় পদচারণ। টেলিভিশনের বিভিন্ন সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা তিনি। সেই সূত্রে বাংলাদেশের দর্শকের কাছেও তাঁর পরিচয় যথেষ্ট। কিন্তু কৌশিক সেনের জীবনের গল্প কি কুসুমাস্তীর্ণ?এমন প্রশ্নে এবার না-সূচক মাথা নড়ে উঠল এই অভিনেতা-নির্দেশকের। বলেন, ‘হ্যাঁ, শৈশব থেকেই অভিনয় করছি। উৎপল দত্ত, অজিতেশ বন্দোপাধ্যায়, বিভাস চক্রবর্তী, রবি ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়—বাবার সূত্রে এসব মহান অভিনেতাকে ছোটবেলায় আমাদের বাড়িতে আসতে দেখেছি। তবে বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে গিয়েই অভিনয়কে পেশা হিসেবে নেওয়া। সে আরেক গল্প বটে।’কেমন সে গল্প?—তাঁর প্রতি আমরা এক্ষণে এ প্রশ্ন ছুড়তে পারি ভেবে নিজেই যেন উত্তর দিয়ে গেলেন আনমনে, ‘প্রথমে কাপুরুষ নামে একটি ধারাবাহিকে অভিনয় করলাম। এরপর সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁর পেশাদারি থিয়েটারে যোগ দিতে বললেন আমাকে। ৫০০ টাকা মাস-মাইনেতে কাজ শুরু করি। তারপর মঞ্চ ও টেলিভিশনে কত যে নাটক করেছি! আর শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে কাজ করেছিলাম আরও আগে—আমি তখন পঞ্চম শ্রেণী পড়ুয়া। মৃণাল সেনের একদিন প্রতিদিন-এর মাধ্যমে প্রথম চলচ্চিত্রে অভিনয়ের শুরু। পরে তাঁর আপন ভুবন চলচ্চিত্রে নায়কের পাটও করেছি।’এক ফাঁকে বললাম, আপনাদের ওখানে অনেক লম্বা লম্বা সিরিয়াল হয়। ৪০০-৫০০ পর্ব...এ নিয়ে কী বলবেন? ‘কোনো সিরিয়ালই ১০০ পর্বের বেশি হওয়া উচিত নয়।’—স্পষ্ট ভাষায় বললেন কৌশিক। আর এটুকু বলেই থামলেন না তিনি। এর সঙ্গে যুক্ত করলেন আরও কয়েক পঙিক্ত, ‘অভিনয় যেহেতু পেশা, তাই অনিচ্ছা সত্ত্বেও সিরিয়ালের ৪০০-৫০০ পর্বে আমাদের অভিনয় করতে হয়। কিন্তু আমরা কেউই চাই না একটা নাটককে রাবারের মতো টেনে টেনে লম্বা করা হোক। আমরা এ ক্ষেত্রে অসহায়। বোধ করি, এ জন্য এখন কলকাতার দর্শকেরা টেলিভিশন দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছেন। তাই চলচ্চিত্র ও থিয়েটারে দর্শক বেড়েছে।’আড্ডায় কথার তো শেষ নেই। এমন অনেক কথা, এমন অনেক আড্ডা আছে, শেষ অবধি যা অসমাপ্ত থাকলেই ভালো লাগে! যেমন কৌশিক সেনের সঙ্গে আমাদের এই আড্ডা।