ক্যাট-অ্যাশের দোস্তি!

ব্যক্তিগত ও পেশাগত কারণে ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্যাটরিনা কাইফের মধ্যে দীর্ঘদিন ধরেই নীরব দ্বন্দ্ব চলছিল। তবে সম্প্রতি ঐশ্বরিয়ার দাওয়াত রক্ষা করতে জুহুতে বচ্চনদের ‘জলসা’ বাংলো বাড়িতে ক্যাটরিনা হাজির হওয়ার পর তাঁদের দোস্তির খবর চাউর হয়েছে বলিউডে। এমনিতেই বলিউডের বেশির ভাগ অভিনেত্রী একে অন্যকে সহ্য করতে পারেন না। কারণে-অকারণে তাঁদের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকে। তবে এবার সম্ভবত দ্বন্দ্ব মিটিয়ে বন্ধু বনে গেছেন ক্যাটরিনা ও ঐশ্বরিয়া।
সম্প্রতি দিওয়ালি উত্সব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নিজেদের বাড়িতে ক্যাটরিনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানান ঐশ্বরিয়া। দাওয়াত রক্ষা করতে প্রেমিক রণবীর কাপুরকে নিয়ে ঠিকই সেখানে হাজির হয়ে যান ক্যাটরিনা কাইফ। মূলত এরপর থেকেই ক্যাট-অ্যাশের দোস্তির খবর চাউর হয়েছে। একটা সময়ে ‘বিগহার্ট লাভারবয়’ সালমান খানের প্রেমিকার খাতায় নাম লিখিয়েছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় এ দুই তারকা অভিনেত্রী। পরবর্তী সময়ে অভিষেক বচ্চনকে বিয়ে করে থিতু হন ঐশ্বরিয়া। আর রণবীর কাপুরকে মনের মানুষ হিসেবে বেছে নেন ক্যাটরিনা।
বলা হয়ে থাকে, বলিউডের অভিনেত্রীদের মধ্যে ঐশ্বরিয়া ও ক্যাটরিনাই সবচেয়ে বেশি সময় ধরে দ্বন্দ্ব জিইয়ে রেখেছিলেন। কেবল সালমানের কারণেই নয়, পেশাগত কারণেও দ্বন্দ্বে জড়িয়েছিলেন তাঁরা। বেশ কয়েক বছর আগে ঐশ্বরিয়ার বদলে ক্যাটরিনার বারবি পুতুল বাজারে আসায় তাঁদের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছিল। পরবর্তী সময়ে নক্ষত্র ডায়মন্ডের দূতিয়ালির দায়িত্ব ঐশ্বরিয়ার কাছ থেকে ছিনিয়ে নেন ক্যাটরিনা। এসব কারণে চিরপ্রতিদ্বন্দ্বী দুই তারকায় পরিণত হন তাঁরা। প্রকাশ্যে খুব বেশি উচ্চবাচ্য না করলেও তাঁদের মধ্যে শীতল যুদ্ধ চলতে থাকে।
অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে ক্যাটরিনা-ঐশ্বরিয়া দ্বন্দ্বের উত্তাপ কমতে থাকে। কিছুদিন আগে প্রথম তাঁদের নমনীয় আচরণের প্রমাণ পাওয়া যায় ‘ধুম ৩’ ছবির সেটে। সেখানে মুখোমুখি হলে একে অপরের সঙ্গে কুশলবিনিময় করেন তাঁরা। কিছুক্ষণ আন্তরিক ভঙ্গিতে কথা বলতেও দেখা যায় তাঁদের।