ক্যাটকে আর গাড়ি দেবেন না সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান-ক্যাটরিনা
সালমান-ক্যাটরিনা

এক কোটি ৩০ লাখ রুপি ব্যয় করে নতুন একটি অডি গাড়ি কিনেছেন ‘দাবাং’ তারকা সালমান খান। অডি আরএস ৭ স্পোর্টব্যাক মডেলের গাড়িটি সম্প্রতি ভারতের বাজারে ছেড়েছে জার্মানির বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান অডি। আর নতুন মডেলের গাড়িটির প্রথম ভারতীয় ক্রেতা সালমান। সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফকে বিলাসবহুল গাড়ি উপহার দিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন সালমান। নতুন অডি গাড়িটি কাউকে উপহার দেবেন কি না—জানতে চাইলে খান সাহেব জানান, গাড়িটির ভেতরে ক্যাটরিনাকে দেখতে চমত্কার লাগবে। কিন্তু ক্যাটকে তিনি গাড়িটি উপহার দেবেন না। তিনি চান, অন্য কারও কাছ থেকে নতুন মডেলের গাড়িটি উপহার পাক ক্যাটরিনা।
এ প্রসঙ্গে সালমানের ভাষ্য, ‘দেখা যাক, নতুন এ গাড়িটি উপহার দেওয়ার মতো উপযুক্ত কাউকে খুঁজে পাওয়া যায় কি না। গাড়িটি তাঁকেই দেওয়া উচিত যাঁকে গাড়িটির ভেতর দেখতে চমত্কার লাগবে। আমার মনে হয়, ক্যাটরিনাই এর যোগ্য। কিন্তু আমি তাঁকে গাড়িটি উপহার দিতে চাই না। আমি চাই, অন্য কেউ ক্যাটরিনাকে নতুন মডেলের এ গাড়িটি উপহার দিক।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
এ ছাড়া, সালমান তাঁর ৪৮তম জন্মদিনের অনুষ্ঠানে ক্যাটরিনাকে আমন্ত্রণ জানাননি। এসব কারণে বলিউডে খবর চাউর হয়েছে, ক্যাটের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করেছেন সালমান খান।

প্রসঙ্গত, সালমানের হাত ধরেই বলিউডে প্রতিষ্ঠা পেয়েছেন ক্যাটরিনা। তিনি একটা সময়ে সালমানের সঙ্গে প্রেমের সম্পর্কেও জড়িয়েছিলেন। কিন্তু সাফল্য ধরা দেওয়ার পর সালমানকে ছেড়ে বলিউডের আরেক অভিনেতা রণবীর কাপুরের বাহুডোরে নিজেকে সঁপে দেন ক্যাটরিনা।

সালমান-ক্যাটরিনার প্রেমের অধ্যায়ের সমাপ্তি ঘটলেও তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল। ২০১২ সালে ‘এক থা টাইগার’ ছবিতে জুটি বেঁধে অভিনয়ও করেছেন তাঁরা। সে বছর ক্যাটরিনার ২৮তম জন্মদিনে বিলাসবহুল গাড়ি উপহার দিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন সালমান।

সালমানের পরিবারের সদস্যদের সঙ্গেও ক্যাটরিনার সুসম্পর্ক বজায় ছিল। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে সালমানের বাড়িতে যেতেন তিনি। কিন্তু ইদানীং তাঁদের সম্পর্কের অবনতি হয়েছে। ক্যাটরিনার কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করছেন সালমান।