ক্যাটকে মানাতে রণবীরের বার্সেলোনা সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর-ক্যাটরিনা
রণবীর-ক্যাটরিনা

রণবীর কাপুরের ওপর দারুণ চটেছিলেন ক্যাটরিনা। এমনকি রেগেমেগে এক অনুষ্ঠান থেকে বেরও হয়ে যান তিনি। ক্যাটরিনার সেই রাগ ভাঙাতে সম্প্রতি বার্সেলোনা সফরের পরিকল্পনা করেছেন ‘জুনিয়র কাপুর’ রণবীর। দিন কয়েক আগে অর্জুন কাপুরের জন্মদিনের অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফকে ফেলে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠার কারণেই ক্যাটরিনার এই নাখোশ হওয়া। রণবীরের নিশ্ছিদ্র মনোযোগই যে তিনি চান। যা-ই হোক, ক্যাটরিনাকে নিয়ে এ সপ্তাহেই বার্সেলোনা যেতে চেয়েছিলেন রণবীর। কিন্তু মান ভাঙানোর এ ভ্রমণে বাদ সেধেছে ক্যাটরিনার শারীরিক অসুস্থতা। ক্যাটরিনা হঠাত্ করে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হওয়ায় তাঁকে পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন চিকিত্সকেরা। এ জন্য আপাতত বার্সেলোনা সফর স্থগিত করতে হয়েছে রণবীরকে। তবে সুস্থ হলেই ক্যাটকে নিয়ে বার্সেলোনা যাচ্ছেন রণবীর, এটা নিশ্চিত। বার্সেলোনায় রণবীর-ক্যাটরিনার সঙ্গে যোগ দেবেন রণবীরের কাছের বন্ধু ও ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির নির্মাতা অয়ন মুখার্জি। এর মধ্যেই দীর্ঘদিনের বিদেশ ভ্রমণে বের হয়ে গেছেন অয়ন। তিনি এ ভ্রমণে বার্সেলোনা, ইস্তাম্বুলসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে ঘুরে বেড়াবেন। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘ওয়ান ইন্ডিয়া’। 

২৬ জুন ‘ইশকজাদে’ তারকা অর্জুন কাপুরের ২৮তম জন্মদিনের অনুষ্ঠানে ক্যাটরিনাকে নিয়ে হাজির হয়েছিলেন রণবীর। তিনি সেখানে গিয়ে পুরোনো বন্ধুদের পেয়ে ক্যাটরিনাকে যেন ভুলে যান। তাঁকে পাত্তা না দিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন। এতে অভিমান করেন ক্যাট।

অনুষ্ঠান শেষ হওয়ার আগেই ক্যাটরিনা সেখান থেকে চলে যাওয়ার ইচ্ছের কথা জানান রণবীরকে। কিন্তু রণবীর তাঁর কথায় ভ্রুক্ষেপ না করে আড্ডা চালিয়ে যান। রণবীরের কাছ থেকে এমন অবজ্ঞা পাওয়ার পর প্রচণ্ড চটে যান ক্যাট। তিনি সবার সামনেই রণবীরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে রাগে ফুঁসতে ফুঁসতে একাই সেখান থেকে বের হয়ে যান ‘বুম’ তারকা ক্যাটরিনা। কিন্তু তখন তাঁর রাগ সামলানোর কোনো চেষ্টাই করেননি রণবীর; বরং ক্যাটরিনাকে বিদায় জানাতে দরজা পর্যন্ত এগিয়ে যান প্রযোজক বনি কাপুরতনয় অর্জুন কাপুর।