ক্যাটরিনাকে শাহরুখের অবজ্ঞা!
কিছুদিন আগে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের অভিনয়-দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তাঁর আঁতে ঘা দিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। পরে অবশ্য ব্যাপক প্রশংসা করে ক্ষিপ্ত খান সাহেবের সঙ্গে মিটমাটের চেষ্টাও করেছেন। তবে সেদিনের সেই অপমানের ক্ষোভ সম্ভবত এখনো পুষে রেখেছেন শাহরুখ। সম্প্রতি ‘যব তক হ্যায় জান’ ছবির দুই সহ-অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্যাটরিনার প্রশংসা করতে বলা হলে আনুশকার ভূয়সী প্রশংসা করেন তিনি। অন্যদিকে ক্যাটরিনা সম্পর্কে দায়সারাগোছের দু-একটি কথা বলে তাঁকে একরকম অবজ্ঞাই করেন ‘বলিউড বাদশাহ’খ্যাত এ অভিনেতা।সম্প্রতি ‘যব তক হ্যায় জান’ ছবির প্রচারণার কাজে সংবাদ সম্মেলনে হাজির হন শাহরুখ, ক্যাটরিনা ও আনুশকা। সেখানে দুই সহ-অভিনেত্রী সম্পর্কে ভালো কিছু বলতে অনুরোধ করা হলে সঙ্গে সঙ্গে আনুশকার প্রশংসায় পঞ্চমুখ হন শাহরুখ। কিন্তু ক্যাটরিনা সম্পর্কে তেমন কিছুই বলেননি তিনি। ওয়ান ইন্ডিয়া এক খবরে এমনটাই জানিয়েছে। আনুশকা সম্পর্কে শাহরুখ বলেন, ‘একটি দৃশ্যকে ভিন্নভাবে অনুধাবন করার দারুণ ক্ষমতা রয়েছে আনুশকার ভেতর। তাকে কোনো দৃশ্যে অভিনয় করতে বলা হলে সেটার ভেতর এক ধরনের নিজস্বতা নিয়ে আসে। পূর্বপরিকল্পনা ছাড়াই তাত্ক্ষণিকভাবে নিজের মতো করে অভিনয়ে দারুণ পারদর্শী সে। তার মায়াবি চোখ এবং প্রাণখোলা হাসি আমার খুবই পছন্দের। আনুশকা সব সময় আনন্দে মেতে থাকে। যেখানে যায়, সেখানেই আনন্দ ছড়িয়ে দেয় সবার মাঝে।’অন্যদিকে ক্যাটরিনা সম্পর্কে শাহরুখের ভাষ্য, ‘ক্যাটরিনা একটু ভিন্নভাবে ছবির দৃশ্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করে। তার নাক ও চুল আমার ভালো লাগে।’প্রসঙ্গত, ‘যব তক হ্যায় জান’ ছবির গানের অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে শাহরুখ অভিনীত ‘ছাল্লা’ গানে তাঁর গিটার বাজানোর দৃশ্যের সমালোচনা করে ক্যাটরিনা বলেছিলেন, ‘গিটার বাজানোর দৃশ্যটি মোটেও বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে পারেননি শাহরুখ। গিটারের তারে তিনি যেভাবে আঙুল চালিয়েছেন, সেটা দেখে মেকি বলেই মনে হয়েছে আমার। দৃশ্যটিকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য শাহরুখ অল্প-বিস্তর গিটার বাজানো শিখতে পারতেন। কিন্তু সেটা না করে স্রেফ গিটার হাতে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।’ এমন মন্তব্য শুনে প্রচণ্ড চটে যান শাহরুখ এবং ক্যাটরিনার সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়েন।