ক্যাটরিনাকে সরিয়ে ‘গুন্ডা’য় প্রিয়াংকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশরাজ ফিল্মসের পরবর্তী ছবি ‘গুন্ডা’য় ক্যাটরিনা কাইফের স্থলাভিষিক্ত হলেন প্রিয়াংকা চোপড়া। ছবির কাহিনি লিখেছেন ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’খ্যাত বলিউডের প্রযোজক ও চলচ্চিত্রনির্মাতা আদিত্য চোপড়া। ‘গুন্ডা’ ছবির প্রযোজকও তিনি। ছবিটি পরিচালনা করবেন ‘মেরে ব্রাদার কি দুলহান’খ্যাত পাকিস্তানি গায়ক ও অভিনেতা আলী জাফর। ‘গুন্ডা’ ছবির অন্যতম প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং ও বলিউডের চিত্রপ্রযোজক বনি কাপুরের ছেলে অর্জুন কাপুর। শুরুতে ‘গুন্ডা’ ছবির কেন্দ্রীয় নারীচরিত্রে অভিনয়ের কথা ছিল ক্যাটরিনা কাইফের। কিন্তু সম্প্রতি যশরাজ ফিল্মস ক্যাটরিনার পরিবর্তে প্রিয়াংকার অন্তর্ভুক্তি চূড়ান্ত করেছে। এর সত্যতা নিশ্চিত করেছেন যশরাজ ফিল্মসের একজন মুখপাত্র। ক্যাটরিনার বদলে প্রিয়াংকাকে নেওয়ার কারণ সম্পর্কে ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, ‘গুন্ডা’ ছবির কেন্দ্রীয় নারীচরিত্রটি অনেক বেশি চ্যালেঞ্জিং। এ জন্য প্রিয়াংকাকেই বেশি যোগ্য মনে করেছেন নির্মাতারা। এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। ‘গুন্ডা’ ছবির কাহিনি আবর্তিত হয়েছে বিক্রম (রণবীর সিং) ও বেলা (অর্জুন কাপুর) চরিত্রকে কেন্দ্র করে। ছবিটি সম্পর্কে এর পরিচালক আলী আব্বাস জাফর বলেন, ‘পুরো ছবির শুটিং হবে কলকাতায়। রণবীর ও অর্জুনকে বাঙালি চরিত্রে দেখা যাবে এ ছবিতে। ইতিহাসনির্ভর এ ছবিতে ১৯৭১ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত সময়কাল ফুটিয়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। এ বছরের ডিসেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে।’