ক্যাটরিনাকে সালমানের ভাবি সম্বোধন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান-ক্যাটরিনা
সালমান-ক্যাটরিনা

সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফকে ভাবি সম্বোধন করে হইচই ফেলে দিয়েছিলেন রণবীর কাপুরের চাচাতো বোন কারিনা কাপুর খান। এবার ক্যাটরিনাকে ভাবি বললেন তাঁরই সাবেক প্রেমিক ‘দাবাং’ তারকা সালমান খান।
কারিনা মজা করে ক্যাটরিনাকে ভাবি বললেও, সালমান কিন্তু মোটেও মজা করে এমনটা বলেননি। এক টিভি সাংবাদিকের ওপর ক্ষুব্ধ হয়ে সাবেক প্রেমিকাকে ভাবি বলেছেন সালমান। সম্প্রতি এক খবরে চমকপ্রদ এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
সম্প্রতি ‘জয় হো’ ছবির ট্রেইলর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সালমান। সেখানে কারিনার ‘ভাবি মন্তব্য’ নিয়ে সালমানের কাছে প্রতিক্রিয়া জানতে চান একজন টিভি সাংবাদিক। এটা শুনে প্রচণ্ড চটে যান সালমান। এমনিতেই বদমেজাজি হিসেবে কুখ্যাতি আছে ‘ব্যাড বয়’ সালমানের। সংবাদকর্মীদের সঙ্গে রূঢ় আচরণের জন্য বহুবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। এবারও সালমান তাঁর স্বভাবসুলভ রূঢ় আচরণ প্রদর্শন করেন। কেবল ওই সাংবাদিককে কড়া কথা শুনিয়েই ক্ষান্ত হননি খান সাহেব। তিনি রীতিমতো অপমান করেছেন সাংবাদিকতা পেশার লোকজনদের।  
প্রথমে কিছুটা শান্ত সুরে ওই সাংবাদিককে উদ্দেশ করে সালমান বলেন, ‘আরে বন্ধু, ক্যাটরিনা যদি কারিনার ভাবি হয়ে থাকে, তাহলে তো সে (ক্যাটরিনা) আমারও ভাবি হয়ে গেছে। তাই নয় কি?’ এরপর রাগে ফুঁসতে ফুঁসতে সালমান আরও বলেন, ‘আপনারা সাংবাদিক? খোদার কসম, এখন পর্যন্ত এমনটা মনে না হলেও সত্যিই এখন মনে হচ্ছে আসলেই আপনারা সাংবাদিক। মান, মর্যাদা, সংস্কৃতিতে ভরা আপনাদের ভেতরটা। এগুলো সম্ভবত মা-বাবার কাছ থেকেই শিখেছেন আপনারা।’
২০০৬ সালে মুক্তি পাওয়া সাড়া জাগানো তেলেগু ছবি ‘স্তালিন’-এর রিমেক ‘জয় হো’। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সালমান। অন্যান্য চরিত্রে রয়েছেন ডেইজি শাহ, সানা খান, টাবু প্রমুখ।

অ্যাকশন ঘরানার ‘জয় হো’ ছবিটির প্রযোজক ও পরিচালক সালমানের ভাই সোহেল খান। এর শুটিং করা হয়েছে মুম্বাই, দুবাই ও রোমানিয়ায়।

দীর্ঘ সময় পর এক ছবিতে কাজ করেছেন সালমান-সোহেল। ছবিটির প্রথম পোস্টারে বিশেষত্ব আনার চেষ্টা ছিল তাঁদের দুজনেরই। পরিকল্পনা অনুযায়ী ‘জয় হো’ ছবির পোস্টার আঁকার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন সালমান। এর মাধ্যমে ছবির পোস্টার আঁকিয়ে হিসেবে আত্মপ্রকাশ করেছেন বলিউডের প্রভাবশালী এ তারকা অভিনেতা। পোস্টার মুক্তির ক্ষেত্রেও অভিনব এক পথ বেছে নেওয়া হয়। প্রথা অনুযায়ী জমকালো পোস্টার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন না করে ‘জয় হো’ ছবির পোস্টার মুক্তি দেওয়া হয়েছে অনলাইনে। ইরস ইন্টারন্যাশনাল পরিবেশিত ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০১৪ সালের ২৪ জানুয়ারি।