ক্যাটরিনাকে সুশান্তের 'না'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুশান্ত সিং রাজপুত ও ক্যাটরিনা কাইফ
সুশান্ত সিং রাজপুত ও ক্যাটরিনা কাইফ

বলিউডের জনপ্রিয় তারকা-অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনয়ের জন্য মুখিয়ে থাকেন বলিউডের প্রায় সব অভিনেতাই। নবাগত কোনো অভিনেতা ক্যাটরিনার সঙ্গে কাজের প্রস্তাব পেয়ে তা ফিরিয়ে দিতে পারেন, তা ভাবাই যায় না। কিন্তু সম্প্রতি এমনটিই করেছেন ‘কাই পো চে’ তারকা সুশান্ত সিং রাজপুত। ‘ফিতুর’ ছবিতে ক্যাটরিনার বিপরীতে অভিনয়ের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন নবাগত এ অভিনেতা।
অবশ্য বাধ্য হয়েই এমনটা করতে হয়েছে সুশান্তকে। ‘মিস্টার ইন্ডিয়া’খ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রনির্মাতা শেখর কাপুর পরিচালিত ‘পানি’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অন্তর্ভুক্ত হয়েছেন সুশান্ত। দুটি ছবির শুটিং শিডিউল একেবারে কাছাকাছি সময়ে হওয়ায় ‘ফিতুর’ ছবি থেকে নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হন সুশান্ত। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
অভিষেক কাপুরের ‘ফিতুর’ ছবিতে ক্যাটরিনার সঙ্গে অভিনয়ের সুযোগ হাতছাড়া করতে চাননি সুশান্ত। এ জন্য তিনি ছবিটির শুটিং শিডিউল পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন অভিষেক কাপুরকে। কিন্তু তাঁর কথা শোনেননি ‘ফিতুর’ ছবির নির্মাতা।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, গত সপ্তাহে অভিষেকের সঙ্গে দেখা করে আলোচনায় বসেছিলেন সুশান্ত। তিনি ‘ফিতুর’ ছবির শুটিং শিডিউল পিছিয়ে আগামী বছরের অক্টোবরে নেওয়ার অনুরোধ জানান নির্মাতাকে। কিন্তু অভিষেক সাফ জানিয়ে দেন, সেটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ, আগামী বছরের জুলাই মাসে ছবিটিতে অভিনয়ের জন্য শিডিউল দিয়েছেন ক্যাটরিনা। কিন্তু জুলাই মাসে ‘পানি’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হবে বলে শেষ পর্যন্ত ‘ফিতুর’ ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নেন সুশান্ত।