ক্যাটরিনাকে হটিয়ে ঐশ্বরিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনা কাইফ ও ঐশ্বরিয়া রাই বচ্চন
ক্যাটরিনা কাইফ ও ঐশ্বরিয়া রাই বচ্চন

সম্প্রতি একটি আবাসন প্রতিষ্ঠানের দূত হিসেবে দায়িত্ব পালনের জন্য চুক্তি স্বাক্ষর করেছিলেন ক্যাটরিনা কাইফ। কিন্তু তাঁকে কোনো কিছু না জানিয়ে শেষ পর্যন্ত দায়িত্বটি দেওয়া হয়েছে ঐশ্বরিয়া রাই বচ্চনকে। এ ঘটনায় খুবই বিচলিত হয়েছেন ক্যাটরিনা। তাঁকে অন্ধকারে রেখে এমন সিদ্ধান্ত নেওয়ায় বিস্ময়ও প্রকাশ করেছেন এই ‘বুম’ তারকা।
বলিউডে নিরঙ্কুশ জনপ্রিয়তার রেশ ধরে বিভিন্ন পণ্যের দূতিয়ালির জন্য হরহামেশাই ডাক পেয়ে থাকেন ক্যাটরিনা। কিন্তু মুম্বাইভিত্তিক আবাসন প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরও রাতারাতি বাদ পড়ে যাওয়ায় তিনি খুবই অবাক হয়েছেন।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে ‘মিড-ডে’ জানিয়েছে, গত মে ও জুন মাসে প্রতিষ্ঠানটির সঙ্গে আলাপচারিতার পর দূতিয়ালির দায়িত্ব নিতে রাজি হন ক্যাটরিনা। তিনি নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি স্বাক্ষরও করেন। কিন্তু হঠাত্ করেই কিছুদিন আগে প্রতিষ্ঠানটির দূত হিসেবে ঐশ্বরিয়ার নাম ঘোষণা করা হয়। কোনো রকম কারণ না দেখিয়েই ক্যাটরিনার সঙ্গে করা চুক্তি ভেঙে দেয় প্রতিষ্ঠানটি। তাঁকে না জানিয়ে তাঁর পরিবর্তে নেওয়া হয় ঐশ্বরিয়াকে। প্রতিষ্ঠানটির এমন দায়িত্বহীন আচরণে ক্যাটরিনা যারপরনাই বিস্মিত ও বিচলিত।
এ প্রসঙ্গে আবাসন প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, ‘ক্যাটরিনার সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড আমাদের ব্র্যান্ডের সঙ্গে ঠিক মিলছে না। তাঁর সঙ্গে আমাদের সর্বশেষ আলাপ-আলোচনা হয়েছিল গত জুন মাসের শুরুর দিকে। পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে অন্য কাউকে দূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিই আমরা। এত দিন চুপ থাকার পর এখন কেন বিষয়টি নিয়ে তিনি উচ্চবাচ্য করছেন, তা ঠিক স্পষ্ট নয়।’

এদিকে, সাড়ে ১৭ একর জায়গার ওপর ‘দ্য পার্ক’ প্রজেক্টের কাজ করছে প্রতিষ্ঠানটি। আবাসন প্রতিষ্ঠানটির দূত হওয়ার পর এই প্রজেক্টের একটি অ্যাপার্টমেন্টও কিনেছেন ঐশ্বরিয়া। মুম্বাইয়ের ওরলি এলাকায় চার বেডরুমের বিশাল এ বাড়ি কেনার পেছনে পাঁচ কোটি রুপি ব্যয় করেছেন সাবেক এই বিশ্বসুন্দরী ও বলিউডের অভিনেত্রী। অবশ্য বসবাসের জন্য নয়, বিনিয়োগের উদ্দেশ্যেই বাড়িটি কিনেছেন তিনি।

বিলাসিতার কারণে এর আগেও খবরের শিরোনাম হয়েছেন বচ্চন পরিবারের সদস্যরা। জুহুতে পাঁচ-পাঁচটি বাংলো রয়েছে বচ্চনদের। অমিতাভ বচ্চনের কেনা প্রথম বাড়িটির নাম ‘প্রতীক্ষা’। ২০০৪ সালে ‘জনক’ নামে আরেকটি বাড়ি কেনেন অমিতাভ। অবশ্য এটি অফিস হিসেবে ব্যবহার করেন বচ্চনরা। জুহুতে ‘ভাতসা’ নামেও একটি বাড়ি আছে তাঁদের। আর ‘জলসা’ নামের বাংলোবাড়িতে থাকেন বচ্চন পরিবারের সদস্যরা। সর্বশেষ গত জুনে ৫০ কোটি রুপি ব্যয় করে ‘জলসা’র পেছনেই অমিতাভ ও তাঁর ছেলে অভিষেক বচ্চনের নামে আরেকটি বাড়ি কেনা হয়। আর এবার নতুন বাড়ি কিনলেন ঐশ্বরিয়া।