ক্যাটরিনাকে হটিয়ে দীপিকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনা-দীপিকা
ক্যাটরিনা-দীপিকা

দীপিকা পাড়ুকোনের ভাগ্যের চাকা গত বছর থেকেই দুর্দান্ত গতিতে ঘুরছে। একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দেওয়ার পাশাপাশি স্বীকৃতি হিসেবে পেয়েছেন একাধিক পুরস্কার। এবার তাঁর সাফল্যের মুকুটে যুক্ত হল আরেকটি পালক। সম্প্রতি ‘বুম’ তারকা ক্যাটরিনা কাইফকে পেছনে ফেলে ‘এফএইচএম ইন্ডিয়া’ ম্যাগাজিনের সবচেয়ে আবেদনময়ী নারীর তালিকায় শীর্ষস্থান দখল করেছেন দীপিকা।
টানা পাঁচ বছর এই তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছিলেন ক্যাটরিনা। কিন্তু এবার তাঁকে হটিয়ে দিয়েছেন দীপিকা। এই দৌড়ে মেগান ফক্স, স্কারলেট জোহানসনের মতো হলিউডের অভিনেত্রীদেরও পেছনে ফেলেছেন ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ তারকা দীপিকা।  
সম্প্রতি বিশ্বের আবেদনময়ী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে ‘এফএইচএম (ফর হিম ম্যাগাজিন) ইন্ডিয়া’। তালিকায় ২৮ বছর বয়সী দীপিকার পরেই আছে অভিনেত্রী, গায়িকা ও সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার নাম। অন্যদিকে বিগত বছরগুলোতে নিরঙ্কুশ সাফল্য পেলেও এবার পাঠকদের কাছ থেকে ভোট কম পাওয়ায় তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ক্যাটরিনাকে।
তালিকায় চতুর্থ স্থান দখল করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন মডেল ও বলিউডের অভিনেত্রী নার্গিস ফাখরি। সেরা পাঁচে আরও ঠাঁই পেয়েছে প্রখ্যাত অভিনেতা কমল হাসানের মেয়ে ‘লাক’ তারকা শ্রুতি হাসানের নাম। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
হলিউডের চেয়ে বলিউডের অভিনেত্রীদেরই বেশি ভোট দিয়েছেন ‘এফএইচএম ইন্ডিয়া’র পাঠকেরা। তালিকায় ঠাঁই পাওয়া হলিউডের উল্লেখযোগ্য অভিনেত্রীদের মধ্যে রয়েছেন ‘দ্য পেন্টহাউস’খ্যাত মার্কিন অভিনেত্রী কেলি কুকো, ‘দ্য অ্যাভেঞ্জারস’ তারকা স্কারলেট জোহানসন, ‘ট্রান্সফরমারস’ তারকা মেগান ফক্স প্রমুখ।