ক্যাটরিনার অনামিকায় আংটি পরাচ্ছেন রণবীর!

‘চকোলেট বয়’ রণবীর কাপুরের নারীভক্তদের জন্য দুঃসংবাদই বটে। প্রিয়তমা ক্যাটরিনা কাইফের অনামিকায় বাগদানের আংটি পরানোর পরিকল্পনা করছেন রণবীর—ইদানীং এমন খবরই ভাসছে বলিউডের বাতাসে।
সম্প্রতি মুম্বাইভিত্তিক অনলাইন নিউজপোর্টাল মিড-ডের এক খবরে বলা হয়েছে, আসছে ২৮ সেপ্টেম্বর রণবীরের ৩১তম জন্মদিন। ওই দিন প্রেমিকা ক্যাটরিনা কাইফের অনামিকায় বাগদানের আংটি পরানোর পরিকল্পনা করছেন রণবীর। জীবনের বিশেষ দিনটিতে হাঁটু গেড়ে ক্যাটকে আজীবনের সঙ্গী হওয়ার প্রস্তাব দিতে চান তিনি। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, ‘রণবীরের জন্মদিনে অনেক হূদয় ভাঙার সম্ভাবনা রয়েছে। ওই দিন ক্যাটরিনাকে আনুষ্ঠানিকভাবে জীবনসঙ্গিনী হওয়ার প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছেন রণবীর কাপুর।’
স্পেনের ইবিজা সমুদ্রসৈকতে অবকাশ যাপনের সময় রণবীর-ক্যাটরিনার অন্তরঙ্গ ছবি ফাঁসের ঘটনার রেশ কাটতে না কাটতেই দিন কয়েক আগে ক্যাটকে নিয়ে শপিংয়ে গিয়েছিলেন রণবীর। বেশ কয়েকটি গয়নার দোকানে ঢুঁ মেরেছেন বহুল আলোচিত এ তারকা জুটি। দামি বেশ কিছু গয়না নেড়েচেড়েও দেখেছেন তাঁরা। তবে শেষ পর্যন্ত ক্যাটকে বাগদানের হীরার আংটির পরিবর্তে চমত্কার এক জোড়া কানের দুল কিনে দিয়েছেন রণবীর।
অবশ্য রণবীরের নারীভক্তদের সুখবর শুনিয়েছেন ক্যাটরিনার মুখপাত্র। রণবীর-ক্যাটরিনার বাগদানের খবরকে ভিত্তিহীন গুজব বলেই দাবি করেছেন তিনি। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘এটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ রণবীর তাঁর জন্মদিনে বেশরম ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত থাকবেন। ওইদিন মুম্বাইয়ের বাইরেও তাঁর যাওয়ার সম্ভাবনা রয়েছে।’
মাস দুয়েক আগে স্পেনে ছুটি কাটাতে গিয়ে ফেঁসে গিয়েছিলেন রণবীর-ক্যাটরিনা। সেখানকার ইবিজা সমুদ্রসৈকতে লুকিয়ে তাঁদের অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরাবন্দী করেন আলোকচিত্রীরা। পরে ছবিগুলো ফাঁস করে দেয় ‘স্টারডাস্ট’ ম্যাগাজিন। এতে তোলপাড় ওঠে বলিউডে।
বিষয়টিকে ভালোভাবে নেননি রণবীরের বাবা-মা ঋষি কাপুর ও নিতু সিং। ছবি ফাঁসের ঘটনা রণবীরের ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলবে বলেই মতামত দেন তাঁরা। রণবীরের বাড়িতে ক্যাটরিনার ঘন ঘন যাতায়াতে নিষেধাজ্ঞাও আরোপ করেছিলেন ঋষি কাপুর।
মা-বাবার বাধ্য ছেলে হিসেবে সুনাম আছে রণবীরের। ক্যাটরিনার অনামিকায় বাগদানের আংটি পরানোর জন্য এরই মধ্যে রণবীর তাঁর বাবা-মাকে মানিয়ে ফেলেছেন কি না, তা অবশ্য জানা যায়নি।