ক্যাটরিনার গায়ে হাত তোলা নিয়ে সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এক থা টাইগার’ ছবির সেটে সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের গায়ে হাত তুলেছেন সালমান খান—কয়েক দিন আগে এমন খবরে বিতর্কের ঝড় উঠেছিল বলিউডপাড়ায়। বিষয়টি নিয়ে এত দিন নিশ্চুপ থাকলেও সম্প্রতি মুখ খুলেছেন সালমান। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে সালমান বলেন, ‘পোশাকের কারণে মানুষকে সুন্দর দেখায়, আবার এই পোশাকই তাকে অসুন্দর করে তোলে। কেউ খোলামেলা কিংবা বাজে রঙের পোশাক পরলে তার সম্পর্কে বিরূপ ধারণা হতে পারে সবার। কেউ যদি বেমানান পোশাক পরে, তবে তাকে সেটা পরিবর্তন করতে বলার মধ্যে দোষের কিছু নেই।’ এই সাক্ষাত্কারে ক্যাটরিনার প্রতি আবারও অতিরিক্ত দখলি মনোভাবের পরিচয় দিয়েছেন সালমান। তিনি বলেন, ‘ভারতে ক্যাটরিনার কেবল একটিই পরিবার আছে; আর সেটা হচ্ছে আমাদের পরিবার। আমার মা, বাবা, বোন আর আমি সব সময় ক্যাটরিনার পাশে থেকেছি। কাজেই আমি যা বলব, সেটা শুনতে সে বাধ্য। এটা ঠিক, লক্ষ্মী মেয়ের মতো সব কথাই শোনে ক্যাটরিনা।’ কিন্তু সালমান এত কিছু বললেও ক্যাটরিনার গায়ে হাত তুলেছেন কি না সে বিষয়ে সবাইকে অন্ধকারেই রেখেছেন। এর আগে প্রকাশিত খবরে বলা হয়, ‘এক থা টাইগার’ ছবির সেটে ক্যাটরিনার গায়ে হাত তুলেছেন সালমান। ছবির একটি গানের দৃশ্যে ক্যাটরিনার সংক্ষিপ্ত পোশাক দেখে সালমান রেগে গিয়ে তাঁকে বকাঝকা করেন। একপর্যায়ে লাঠি দিয়ে তাঁর গায়ে আঘাত করেন। এ প্রসঙ্গে ‘এক থা টাইগার’ ছবির পরিচালক কবির খান জানিয়েছিলেন, ছবির সেটে বিবাদে জড়িয়েছিলেন সালমান আর ক্যাটরিনা। একটি গানের চিত্রায়ণের সময় স্বল্পবসনা ক্যাটরিনাকে দেখে চটে যান সালমান। ক্যাটরিনার ইচ্ছা থাকলেও সালমান তাঁকে ওই পোশাকে ক্যামেরার সামনে দাঁড়াতে বারণ করেন। একপর্যায়ে এটা নিয়ে তাঁদের মধ্যে রীতিমতো ঝগড়া শুরু হয়।