ক্যাটরিনার ছবি ফাঁসে সালমানের প্রতিক্রিয়া

স্পেনের ইবিজা সমুদ্রতীরে অবকাশ যাপনের সময় ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুরের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁসের ঘটনায় সম্প্রতি প্রতিক্রিয়া জানিয়েছেন ক্যাটরিনার সাবেক প্রেমিক সালমান খান ও বর্তমান প্রেমিক রণবীর কাপুর।
ছবি ফাঁসের ঘটনায় ক্যাটরিনার পক্ষ নিয়েই কথা বলেছেন সালমান। সংবাদকর্মীরা এ বিষয়ে সালমানের প্রতিক্রিয়া জানতে চাইলে পালটা প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘আপনাদের মা কিংবা বোনের ছবি যদি এভাবে ফাঁস করা হতো, তবে আপনাদের কেমন লাগত?’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘ওয়ান ইন্ডিয়া’।
সালমান আরও বলেন, ‘কারও ব্যক্তিগত মুহূর্তের এমন ছবি সবার সামনে তুলে ধরার কাজটা একদমই ঠিক হয়নি। খুবই জঘন্য একটা কাজ হয়েছে। আপনাদের কারও প্রেমিকের এ ধরনের ছবি ফাঁস হলে আপনাদেরও তা ভালো লাগত না। যা আপনাদের কাছে ভালো লাগবে না, সেটা অন্যের কাছে ভালো না লাগাটাই স্বাভাবিক।’ তিনি আরও বলেন, ‘তারকাদের ছবি জনসমক্ষে প্রকাশের মধ্যে দোষের কিছু নেই। কিন্তু এভাবে লুকিয়ে ব্যক্তিগত মুহূর্তের ছবি তুলে তা ফাঁস করার বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা অবশ্যই অনধিকার চর্চা।’
ছবি ফাঁসের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ক্যাটরিনার লেখা খোলা চিঠির প্রশংসা করে সালমান বলেন, ‘আমি চিঠিটি পড়েছি। চমত্কারভাবে গুছিয়ে লেখা; পড়ে আমার খুব ভালো লেগেছে। চিঠিতে ক্যাটরিনার পরিণত মানসিকতার পরিচয় পাওয়া যায়।’
এদিকে, ছবি ফাঁসের ঘটনায় প্রতিক্রিয়া জানতে চাইলে রণবীর জানিয়েছেন, ‘ছবিগুলোতে ক্যাটরিনাকে সুন্দর লেগেছে। ইবিজা খুব সুন্দর একটি জায়গা। আপনাদের সবার সেখানে যাওয়া উচিত।’ ফাঁস হওয়া ছবিগুলোতে খালি গায়ে দেখা গেছে রণবীরকে। ছবিগুলোতে নিজেকে দেখতে কেমন লেগেছে জানতে চাইলে রণবীর বলেন, ‘নিজের সম্পর্কে কীভাবে মন্তব্য করি আমি!’
ইবিজায় তোলা ছবিগুলো দেখে ভালো লেগেছে কি না—এমন প্রশ্নে রণবীরের উত্তর, ‘ছবিগুলো দেখে আমার ভালো লাগার কোনো কারণ আছে কি? এ ছাড়া ছবিগুলো তোলার সময় আমি তো ইবিজায় ছিলাম। আমি ইবিজার সৌন্দর্যই উপভোগ করেছি।’
প্রসঙ্গত, গত জুলাই মাসের শুরুর দিকে ম্যাকাওতে আইফা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বলে ক্যাটরিনা চলে যান স্পেনে। সেখানে আগে থেকেই তাঁর জন্য অপেক্ষা করছিলেন রণবীর। স্পেনের ইবিজা সমুদ্রসৈকতে অবকাশ যাপনের সময় গোপনে তাঁদের একান্ত মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করেন আলোকচিত্রীরা। পরে ছবিগুলো প্রকাশিত হয় ‘স্টার ডাস্ট’ ম্যাগাজিনে। ছবিগুলোতে বিকিনি পরা অবস্থায় দেখা গেছে ক্যাটকে।
এ প্রসঙ্গে ‘স্টার ডাস্ট’ ম্যাগাজিনের সম্পাদক রাম কমল বলেছিলেন, ‘নিজেদের প্রেম নিয়ে বহুদিন লুকোচুরি খেলার পর অনেকটা প্রকাশ্যেই মেলামেশা করছেন রণবীর-ক্যাটরিনা। ভালোবাসার কথা সবাইকে জানানোর মধ্যে দোষের কিছু নেই। আমাদের প্রকাশিত ছবিগুলোতে তাঁদের প্রেমের গভীরতা স্পষ্ট ফুটে উঠেছে।’
ছবি ফাঁসের ঘটনায় শুরুতে মুখ না খুললেও প্রতিক্রিয়া জানাতে পরে একটি খোলা চিঠি লেখেন ক্যাটরিনা। ‘টাইমস অব ইন্ডিয়া’য় প্রকাশিত সেই চিঠিতে ক্যাটরিনা লিখেছিলেন, ‘আমি স্পেনে অবকাশযাপনে গিয়েছিলাম। সে সময় লুকিয়ে এসব ছবি তোলা হয়েছে কোনো রকম অনুমতি না নিয়েই। শুধু তাই নয়, ছবিগুলো প্রকাশও করা হয়েছে বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে। ভীরু-কাপুরুষের মতো এমন কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
ক্যাটরিনা আরও লিখেছিলেন, ‘তারকাদের ব্যক্তিগত জীবনের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা না দেখিয়ে ও শালীনতার তোয়াক্কা না করে অসাধু সাংবাদিকতার চর্চা চলছে। একশ্রেণীর অসাধু সাংবাদিক শকুনের মতো ওত পেতে তারকাদের ব্যক্তিজীবনে হস্তক্ষেপ করছেন। আমার এসব ছবি ফাঁস করে সেই অসাধু সাংবাদিকতাকেই উত্সাহিত করা হয়েছে। বরাবরই গণমাধ্যমের সঙ্গে আমি সুসম্পর্ক বজায় রেখেছি। চাইলেই যেকোনো সময় গণমাধ্যমকর্মীরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কাজেই আমার ওপর এভাবে চোরাগোপ্তা আক্রমণের কোনো কারণ নেই।’