ক্যাটরিনার জন্য জীবনপণ!

চার বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে ক্যাটরিনা কাইফকে জীবনের বিশেষ মানুষ হিসেবে স্বীকৃতি দিলেন ‘চকোলেট বয়’ রণবীর কাপুর।
সম্প্রতি রণবীর জানিয়েছেন, তাঁর জীবনের বিশেষ একজন মানুষ হচ্ছেন ক্যাটরিনা। শুধু তা-ই নয়, ক্যাটরিনার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারেন বলেও জানিয়েছেন রণবীর।
সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় একটি দৈনিকে সাক্ষাত্কার দেওয়ার সময় রণবীরকে জিজ্ঞেস করা হয়েছিল, কার জন্য তিনি নিজের জীবন দিতে পারেন। জবাবে রণবীর বলেছেন, ‘আমার পরিবারের সদস্য, বন্ধু অয়ন এবং ক্যাটরিনার জন্য আমি আমার জীবন দিতে পারি। ক্যাটরিনা সত্যিই আমার জীবনের খুবই বিশেষ একজন মানুষ।’ এক খবরে এ তথ্য জানিয়েছে জিনিউজ।
রণবীর আরও বলেন, ‘স্কুলজীবনের বন্ধু আয়শা ও রোহিত ধাওয়ানের জন্যও আমি আমার জীবন দিতে পারি। রোহিতের সঙ্গেই আমি বেড়ে উঠেছি। এ তালিকায় আরও দুজন মানুষের নাম আমি যুক্ত করতে চাই। তাঁরা হলেন নির্মাতা ইমতিয়াজ আলী ও অনুরাগ বসু। এই দুজন মানুষ আমার জীবনে অনেক কিছুই দিয়েছেন।’
রণবীর-ক্যাটরিনার প্রেমের শুরুটা হয়েছিল ২০০৯ সালে ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করার সময়। ক্যাটরিনাকে পাওয়ার জন্য সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেমের ইতি টেনেছিলেন রণবীর। অন্যদিকে সাবেক প্রেমিক সালমান খানকে ছেড়ে রণবীরের বাহুডোরে নিজেকে সঁপে দেন ক্যাটরিনা।
চার বছর ধরে চুটিয়ে প্রেম করলেও নিজেদের প্রেম নিয়ে বরাবরই লুকোচুরি খেলে বলিউডের বহুল আলোচিত তারকা যুগলে পরিণত হন রণবীর-ক্যাটরিনা। নানা কার্যকলাপে তাঁদের প্রেমের সম্পর্কের স্পষ্ট পরিচয় মিললেও কখনোই মুখে স্বীকার করেননি তাঁরা। বন্ধুত্বের বাইরে আর কোনো সম্পর্ক নেই বলেই দাবি করেছেন তাঁরা। ইদানীং এই জুটির সখ্য আগের যেকোনো সময়ের চেয়ে অনেকটাই বেড়ে গেছে। এ জন্য তাঁরা ঘন ঘন খবরের শিরোনামও হচ্ছেন।
গত জুলাই মাসের শুরুর দিকে স্পেনের ইবিজা সমুদ্রসৈকতে অবকাশযাপনের সময় গোপনে রণবীর-ক্যাটরিনার একান্ত মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করেন আলোকচিত্রীরা। পরে ছবিগুলো প্রকাশিত হয় ‘স্টারডাস্ট’ ম্যাগাজিনে।
এ প্রসঙ্গে ‘স্টারডাস্ট’ ম্যাগাজিনের সম্পাদক রাম কমল জানিয়েছিলেন, ‘নিজেদের প্রেম নিয়ে বহুদিন লুকোচুরি খেলার পর অনেকটা প্রকাশ্যেই মেলামেশা করছেন রণবীর-ক্যাটরিনা। ভালোবাসার কথা সবাইকে জানানোর মধ্যে দোষের কিছু নেই। আমাদের প্রকাশিত ছবিগুলোতে তাঁদের প্রেমের গভীরতা স্পষ্ট ফুটে উঠেছে।’
ছবি ফাঁসের ঘটনাটি ভালোভাবে নেননি রণবীরের বাবা-মা ঋষি কাপুর ও নিতু কাপুর। বিষয়টি রণবীরের ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলবে বলেই মতামত দেন তাঁরা। এমনকি বিতর্ক এড়াতে রণবীরের বাড়িতে ক্যাটরিনার ঘন ঘন যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ করেন ঋষি কাপুর।
বাবা-মায়ের বাধ্য সন্তান হিসেবে সুনাম আছে রণবীরের। ছেলের মুখের দিকে তাকিয়ে ৪ সেপ্টেম্বর ঋষি কাপুর তাঁর নিজের জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানান ক্যাটরিনাকে। অনুষ্ঠানে হাজিরও হন ক্যাটরিনা। শুধু তা-ই নয়, পরদিন ৫ সেপ্টেম্বর রাতেও রণবীরের বাড়িতে গিয়েছিলেন ক্যাট। রাত ১১টা ২১ মিনিটে মুম্বাইয়ের পালি হিল এলাকায় অবস্থিত কৃষ্ণরাজ বাংলোবাড়ি থেকে বের হন ক্যাটরিনা। তাঁকে বিদায় জানান রণবীর। সে সময় এ জুটিকে ক্যামেরাবন্দী করেন ‘টাইমস অব ইন্ডিয়া’র আলোকচিত্রী রাজু শেলার। চলতি মাসের ২৮ তারিখে রণবীর তাঁর জন্মদিনে ক্যাটরিনার অনামিকায় বাগদানের আংটি পরাবেন বলেও গুঞ্জন উঠেছে।