ক্যাটরিনার জন্য বিয়ে পেছাচ্ছেন সালমান!
মাত্র কয়েক দিন আগে সালমান খান জানিয়েছিলেন, যেকোনো দিন তাঁর বিয়ের শানাই বাজতে পারে। প্রিয় তারকার মুখে এমন বাণী শুনে আশায় বুক বেঁধেছিল তাঁর অগণিত ভক্ত। তারা ভেবেছিল, এবার বুঝি সত্যিই বিয়ে করে থিতু হতে যাচ্ছেন সালমান। কিন্তু সেই আশার গুড়ে বালি পড়ল। সম্প্রতি আবারও বিয়ে নিয়ে উলটো সুরে কথা বলেছেন এই ‘দাবাং’ তারকা। বিয়ে পেছানোর জন্য তিনি পরোক্ষভাবে দায়ী করেছেন ক্যাটরিনা কাইফকে। সম্প্রতি এনডিটিভির সঙ্গে আলাপচারিতার সময় সালমানকে জিজ্ঞেস করা হয়, ক্যাটরিনার মিসেস সালমান খান হওয়ার সম্ভাবনা কতটুকু? সহজভাবেই এর জবাব দিয়েছেন সালমান। তিনি বলেছেন, ‘বিয়ে থেকে খুব বেশি দূরে নেই আমি। যত দ্রুত সম্ভব বিয়ে করে থিতু হতে চাই। কিন্তু শুধু আমি চাইলেই তো হবে না, অন্য পক্ষকেও বিয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।’ সালমানের মুখে এমন কথা শুনে অনেকেই মন্তব্য করেছেন, সম্ভবত ক্যাটরিনাকেই জীবনসঙ্গী করতে চান সালমান। কিন্তু তাঁকে বিয়ে করতে প্রস্তুত নন ক্যাটরিনা।সালমান-ক্যাটরিনা প্রেমের অধ্যায় শেষ হয়েছে অনেক আগেই। কিন্তু বলিউডপাড়ায় জোর গুঞ্জন, ‘এক থা টাইগার’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে আবারও একে অপরের জীবনে ফিরে এসেছেন সালমান-ক্যাটরিনা। এ ছাড়া সাম্প্রতিক বিভিন্ন সাক্ষাত্কারে এই দুই তারকাকে পরস্পরের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেছে।