ক্যাটরিনার ধরনা ফতেপুর সিক্রিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও ফতেপুর সিক্রিতে শেখ সেলিম চিশতির মাজারে গিয়ে ছবির সাফল্যের জন্য প্রার্থনা করলেন বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে যাতে বিষয়টি কেউ টের না পায়, সে জন্য তড়িঘড়ি করে প্রার্থনা শেষে ফতেপুর সিক্রি থেকে বেরিয়ে যান এ তারকা অভিনেত্রী।সম্প্রতি আগ্রা থেকে ৩৫ কিলোমিটার দূরে ফতেপুর সিক্রিতে গিয়েছিলেন ক্যাটরিনা। সাদা রঙের পোশাকের পাশাপাশি তাঁর মাথায় ছিল একই রঙের স্কার্ফ। এ প্রসঙ্গে মাজারের খাদেম সাইফ ফরিদীর উদ্ধৃতি দিয়ে ইন্দো-এশিয়ান নিউজ জানিয়েছে, মাজারে একটি চাদর দান করার পর ছবির সাফল্যের জন্য প্রার্থনা করেন ক্যাটরিনা।ক্যাটরিনা অভিনীত দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। সেগুলো হলো ‘ধুম ৩’ এবং ‘জুয়েল অব ইন্ডিয়া’। ‘ধুম ৩’ ছবিতে ক্যাটের সহ-অভিনেতা ‘মিস্টার পারফেকশনিস্ট’ তারকা আমির খান। আর ‘জুয়েল অব ইন্ডিয়া’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাবে ক্যাটকে। তিনি ছবি দুটির সাফল্যের জন্য শেখ সেলিম চিশতির মাজারে প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন এই ভ্রমণে ক্যাটের সঙ্গে থাকা গাইডরা। ছবি মুক্তির আগে ফতেপুর সিক্রিতে ক্যাটরিনার যাওয়াটা নিয়মিতই হয়ে দাঁড়িয়েছে। ‘এক থা টাইগার’ এবং ‘যব তক হ্যায় জান’ ছবি মুক্তির আগেও প্রার্থনার জন্য সেখানে গিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন ক্যাটরিনা। বক্স অফিসে ঝড় তোলা দুটি ছবিই ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছিল। ক্যাটরিনার জন্ম ১৯৮৪ সালের ১৬ জুলাই, হংকংয়ে। তাঁর বাবা মোহাম্মদ কাইফ একজন কাশ্মীরি এবং মা সুজানা টারকোট ব্রিটিশ। মুসলিম বাবা এবং খ্রিষ্টান মায়ের সন্তান হলেও ক্যাটরিনা কোন ধর্মের অনুসারী, সে বিষয়ে কখনোই খোলাসা করে কিছু বলেননি এ অভিনেত্রী। এখন পর্যন্ত বেশ কয়েকবার মসজিদ, মন্দির, গির্জা এবং সুফির মাজারে ভ্রমণ করতে দেখা গেছে তাঁকে। একবার এক সাক্ষাত্কারে ক্যাটরিনা জানিয়েছিলেন, সব সময় তাবিজ পরেন তিনি। খুব ছোট থাকতেই মা-বাবার বিচ্ছেদ হয়ে যাওয়ার পর মায়ের সঙ্গে যুক্তরাজ্যে বসবাস শুরু করেন ক্যাটরিনা। সেখানেই তাঁর বেড়ে ওঠা। মডেলিংয়ের মাধ্যমে পেশাজীবন শুরু করেছিলেন ক্যাট। ২০০৩ সালে ‘বুম’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। পরবর্তী সময়ে বলিউডের প্রথম সারির তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। পরিবারের সবাই যুক্তরাজ্যে বসবাস করলেও কাজের তাগিদে ভারতে স্থায়ী নিবাস গেড়েছেন ২৯ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।