ক্যাটরিনার শাহরুখ-ভীতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশ চোপড়ার নতুন ছবিতে শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। কিন্তু সম্প্রতি এই বলিউডের অভিনেত্রী জানিয়েছেন, শুরুতে শাহরুখের বিপরীতে অভিনয়ের প্রস্তাবে তিনি ভীষণ ঘাবড়ে গিয়েছিলেন। শুটিং শুরু করার পর তাঁর এই ভীতি কেটে গেছে আর শাহরুখের সঙ্গে কাজ করে অনেক মজা পেয়েছেন বলেও জানিয়েছেন ক্যাটরিনা। এক সাক্ষাত্কারে ক্যাটরিনা বলেন, ‘শাহরুখের সঙ্গে কাজের প্রস্তাব পেয়ে ভীষণ ভয় পেয়েছিলাম। তিনি বহুদিন ধরে বলিউডে রাজত্ব করছেন। আর বলিউডে আমার বয়স মাত্র নয় বছর। আমরা একই জগতের বাসিন্দা হওয়া সত্ত্বেও শাহরুখের সঙ্গে খুব কমই সাক্ষাত্ হয়েছে আমার। বছরের পর বছর যাঁর ছবি দেখে মুগ্ধ হয়েছি, সেই শাহরুখের সঙ্গেই কিনা আমি অভিনয় করব!’ক্যাটরিনা আরও বলেন, ‘শাহরুখের বিপরীতে অভিনয়ের প্রস্তাবে আনন্দ ছাপিয়ে তাই ভয়টাই বেশি ভর করেছিল আমার ওপর। সত্যিই ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম আমি। কিন্তু পরে বুঝেছি, অযথাই বোকার মতো ভয় পেয়েছি আমি। শাহরুখের সঙ্গে শুটিং শুরুর পর ভয় তো কেটে গেছেই, অনেক মজাও পেয়েছি তাঁর সঙ্গে কাজ করে।’এক খবরে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, ‘ধুম ৩’ ছবির সহ-অভিনেতা আমির খানকে নিয়েও কথা বলেছেন ক্যাটরিনা। তাঁর ভাষ্য, ‘আমির খান সম্পর্কে খুব বেশি কিছু বলতে পারছি না। কারণ, এখন পর্যন্ত তাঁর সঙ্গে কাজ করিনি। ‘ধুম ৩’ ছবির কাজ নিয়ে তাঁর সঙ্গে কয়েকবার আলোচনা হয়েছে। আমার ধারণা, সহ-অভিনেতা হিসেবে ভালোই হবেন আমির।’