ক্যাটরিনার সঙ্গে কিছুক্ষণ
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত ত্রিদেশীয় বিগ শোতে অংশ নিতে বৃহস্পতিবার সকালে ঢাকায় আসেন ক্যাটরিনা কাইফ। বোরকা ব্যবহার করার কারণে বিমানবন্দরে কিংবা হোটেলের কেউই তাঁকে চিনতে পারেনি। সন্ধ্যায় স্টেডিয়ামে আসার সময়ও তিনি একই পোশাক ব্যবহার করেন। ক্যাটরিনাকে কাছ থেকে একনজর দেখার জন্য স্টেডিয়ামের ভিআইপি গেটে দুপুর থেকেই ছিল জটলা। সন্ধ্যায় স্টেডিয়ামে ঢুকেই সরাসরি তিনি চলে যান সাজঘরে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী ও সচিব। সাংবাদিক পরিচয় ব্যবহার না করে ক্যাটরিনার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলো। শুধুমাত্র ‘ভক্ত’ পরিচয় দিয়ে ক্যাটরিনার সঙ্গে কয়েক মিনিট কথা বলার সুযোগ পাওয়া যায়। বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্কে বেশ উচ্চ ধারণা রয়েছে তাঁর। দুই বছর আগে ঋতুপর্ণ ঘোষের দেবী চৌধুরানী ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ক্যাটরিনা। ওই ছবির ৫০ শতাংশ শুটিং হওয়ার কথা ছিল বাংলাদেশে। শেষ পর্যন্ত ছবির কাজ শুরু করতে পারেননি ঋতুপর্ণ। তবে ভবিষ্যতে ছবিটির কাজ শুরু হলে আবার বাংলাদেশে আসার ইচ্ছার কথা জানালেন ক্যাটরিনা। অক্ষয় কুমার ও সালমান খান সম্পর্কে বললেন, ‘দুজনের বয়সই আমার চেয়ে প্রায় দ্বিগুণ। ওঁদের আমি শ্রদ্ধা করি। সালমানই হাতে-কলমে আমাকে অভিনয় শিখিয়েছে। আর অক্ষয়ের হাত ধরে আমি জনপ্রিয়তা পেয়েছি।’ এর পরই ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ও সচিবের বাধা।