ক্যাটরিনার ‘বড় ভাই’ সালমান!
বন্ধু, সহকর্মী, প্রেমিক—ক্যাটরিনা কাইফের সঙ্গে সালমান খানের এ তিন সম্পর্কের বাইরে নতুন এক সম্পর্কের সন্ধান মিলেছে সম্প্রতি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ক্যাটরিনা। সেখানে তিনি সালমানের সঙ্গে তাঁর নতুন এ সম্পর্কের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দেন। সালমানকে নিজের বড় ভাই বলে মনে করেন তিনি—এমন কথাই উচ্চারণ করেছেন ২৮ বছর বয়সী এ অভিনেত্রী। ক্যাটরিনার ভাষ্য, ‘আমার কাছে সালমান খান একজন বড় ভাইয়ের মতো।’ অথচ সালমান-ক্যাটরিনার প্রেমকাহিনি অজানা নয় কারোরই। সালমানের হাত ধরেই বলিউডে প্রতিষ্ঠা পেয়েছেন ক্যাটরিনা। একটা সময় পরস্পরের প্রেমে হাবুডুবু খেয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় এ দুই তারকা। এমনকি ক্যাটরিনাকে বিয়েও করতে চেয়েছিলেন সালমান। শেষ পর্যন্ত টেকেনি তাঁদের প্রেম। অবশ্য বিচ্ছেদের পর একে-অন্যের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রেখেছেন সালমান-ক্যাটরিনা। এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।ক্যাটরিনার সাম্প্রতিক এ উক্তি সম্পর্কে সালমান খানের কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও বিষয়টি হজম করতে পারেননি সালমান-ভক্তরা। তাঁদের অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক যোগাযোগ রক্ষার খুদে ব্লগসাইট টুইটারে।সাজিদ হোসেন নামের এক সালমান-ভক্ত লিখেছেন, ‘ক্যাটরিনার বড় ভাই সালমান! নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না আমি।’ শেখ জাহান লিখেছেন, ‘সবাই শিখে রাখুন কীভাবে কাউকে ব্যবহার করে ছুড়ে ফেলতে হয়।’ সিনেমা ওয়ার্ল্ড ছদ্মনামে সালমানের এক ভক্ত লিখেছেন, ‘শাহরুখের জাদুকরী ভালোবাসার প্রভাবেই কি সালমানকে ভাই বানিয়ে দিলেন ক্যাটরিনা!’