ক্যাটের পর সালমানের 'বিগ বস' ও রণবীরের!

তবে কি ‘দাবাং’ তারকা সালমান খানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফকে ছিনিয়ে নেওয়ার পর এবার ‘বিগ বস’ অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বও খান সাহেবের কাছ থেকে কেড়ে নিতে যাচ্ছেন রণবীর কাপুর! সম্প্রতি এক খবরে জিনিউজ জানিয়েছে, জনপ্রিয় এই টিভি রিয়েলিটি শোয়ের পরবর্তী মৌসুমের উপস্থাপক হিসেবে দায়িত্ব পালনের প্রস্তাব পেয়েছেন রণবীর কাপুর।
প্রস্তাবে ইতিবাচক সাড়া দিলে ‘বিগ বস ৮’ অনুষ্ঠানের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হবে রণবীর কাপুরের। গত চার মৌসুম ধরে ‘বিগ বস’ উপস্থাপনা করছেন বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা অভিনেতা সালমান খান। মূলত তাঁর সাবলীল উপস্থাপনা আর তারকাখ্যাতির কারণেই ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অনুষ্ঠানের স্বীকৃতি পেয়েছে ‘বিগ বস’। এতকিছুর পরও অনুষ্ঠানটির পরবর্তী মৌসুমে সালমানের পরিবর্তে রণবীরকে পেতে চাইছেন নির্মাতারা।
এর পেছনের কারণ সম্পর্কে জানা গেছে, বিভিন্ন সামাজিক অসংগতির বিষয়বস্তু নিয়ে নির্মিত আমির খানের ‘সত্যমেভ জয়তে’র পর এবার একই ধরনের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন সালমান। বর্তমানে নতুন এ অনুষ্ঠানের কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। ‘বিগ বস’ নির্মাতাদের ধারণা, পরবর্তী মৌসুমে সময় দিতে পারবেন না সালমান। মূলত এ কারণেই তাঁর পরিবর্তে রণবীরকে ‘বিগ বস ৮’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে নেওয়ার চেষ্টা চলছে।
একাধিক ব্যবসাসফল ছবি উপহার দেওয়ায় বলিউডের পরবর্তী সুপারস্টার হিসেবে উচ্চারিত হচ্ছে রণবীরের নাম। ‘বিগ বস’ নির্মাতারা মনে করছেন, রণবীরের উপস্থিতি নিশ্চিত করতে পারলে অনুষ্ঠানটির জনপ্রিয়তায় ভাটা পড়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না।