ক্যানবেরায় জন্মভূমির গান

অস্ট্রেলিয়ার রাজধানী শহর ক্যানবেরা। এই ক্যানবেরার কোল ঘেঁষে সবুজের সমারোহে ইউনিভার্সিটি অব ক্যানবেরায় গতকাল বসেছিল বাংলাদেশের চিত্রকলা প্রদর্শনীর আসর। বাংলাদেশের সাম্প্রতিক চিত্রকলা নিয়ে ২২ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত অস্ট্রেলিয়ার তিনটি শহরে প্রদর্শনীর জন্য একটি দল অস্ট্রেলিয়ায় আসে। গতকাল ছিল ক্যানবেরায় শেষ প্রদর্শনী।
‘জন্মভূমির গান’ শিরোনামের দুই দিনব্যাপী এ চিত্রকলা প্রদর্শনীর বিশেষ অতিথি হিসেবে ইউনিভার্সিটি অব ক্যানবেরার ভাইস চ্যান্সেলর স্টিফেন পারকার বাংলাদেশের শিল্পীদের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ এক অপার সম্ভাবনার দেশ। নানা প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশের মানুষ শিল্পের জন্য সংগ্রাম করে যাচ্ছে।
অতিথি হিসেবে বক্তব্য দেন আটিসট সোসাইটি অব ক্যানবেরার সভাপতি এলেন জে জোনস। তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের শিল্পকর্মের গুরুত্বের কথা বলেন। শিল্পীদের পক্ষ থেকে কথা বলেন শিল্পী রফিকুন নবী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মাসুদ উদ্দিন চৌধুরী। বেঙ্গল গ্যালারি এই প্রদর্শনীর আয়োজন করেছে। সহায়তা করেছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ দূতাবাস, প্রিয় অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ, আনন্দপাঠ টাঙ্গাইল, পরবাসী মন, বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরা এবং বাংলা একাডেমি অস্ট্রেলিয়া।
প্রদর্শনীতে শিল্পী কাইয়ুম চৌধুরী, তাহেরা খানম, রফিকুন নবী, মনিরুল ইসলাম, আবদুশ শাকুর শাহ, ফরিদা জামান, রণজিৎ দাস, রোকেয়া সুলতানা, কনকচাঁপা চাকমা ও মোহাম্মদ ইকবালের ৪০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। বিজ্ঞপ্তি।