ক্যানভাস ও আলোচনায় চিরকালের সুচিত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পাঙ্গন গ্যালারিতে গতকাল মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন উপলক্ষে তাঁকে নিয়ে আঁঁকা ছবির প্রদর্শনীতে অতিথিরা ছবি: প্রথম আলো
শিল্পাঙ্গন গ্যালারিতে গতকাল মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন উপলক্ষে তাঁকে নিয়ে আঁঁকা ছবির প্রদর্শনীতে অতিথিরা ছবি: প্রথম আলো

বাংলা চলচ্চিত্রে তিন প্রজন্মের দর্শক সুশ্রী, অভিনয়ে পারদর্শী, প্রবল ব্যক্তিত্বময়ী এক নায়িকার প্রতি সমান মুগ্ধতায় আবিষ্ট থেকেছে। তিনি মহানায়িকা সুচিত্রা সেন। রুপালি জগত্ ছেড়েছিলেন ১৯৭৮ সালে। শেষবারের মতো লোকসমক্ষে এসেছিলেন ১৯৮৯ সালে। তারপর সেই যে স্বেচ্ছা নির্বাসনে গেলেন, আর কখনোই জনসমক্ষে আসেননি। নিজের চারদিকে গড়ে তোলা রহস্যময়তার ঘেরাটোপেই থাকলেন বছরের পর বছর। এ বছরের ১৭ জানুয়ারি চির অন্তরালে চলে গেলেন তিনি। ১৯৩১ সালের ৬ এপ্রিল সুচিত্রা সেন বাংলাদেশের পাবনায় জন্মগ্রহণ করেন। তখন তিনি রমা দাশগুপ্ত নামেই পরিচিত ছিলেন। ডাক নাম ছিল কৃষ্ণা।
গতকাল রোববার ছিল মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন। এ উপলক্ষে শিল্পাঙ্গন গ্যালারিতে শুরু হয়েছে ‘চিত্রে সুচিত্রা’ শীর্ষক যৌথ চিত্রকলা প্রদর্শনী। সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এ সময় তিনি ‘আমাদের রমা: আমাদের সুচিত্রা’ শিরোনামে একটি প্রবন্ধ পাঠ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন শিল্পী বীরেন সোম, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও বিজ্ঞাপনী সংস্থা গ্রে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক গাউসুল আলম। শুভেচ্ছা বক্তব্য দেন সংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক। স্বাগত বক্তব্য দেন গ্যালারির পরিচালক রুমী নোমান।
দুই সপ্তাহের এই প্রদর্শনীতে ৩২ জন নবীন-প্রবীণ শিল্পীর সুচিত্রা সেনকে নিয়ে আঁকা ৬০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন হামিদুজ্জামান খান, বীরেন সোম, মুস্তাফা খালীদ, আহেমদ শামসুদ্দোহা, রণজিত্ দাস, কাজী রকিব, জামাল আহেমদ, শেখ আফজাল হোসেন, কনকচাঁপা চাকমা, রা কাজল, রেজাউন নবী, সৈয়দ ইকবাল, রশীদ আমিন, শুলশান হোসেন, আইভি জামান, গৌতম চক্রবর্তী প্রমুখ।
এই প্রদর্শনী চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।