
ধানমন্ডিতে সন্ধ্যার মতো মেঘলা বিকেল। বৃষ্টির জলে ধুয়ে গেছে পথ, কোথাও কোথাও কাদার কোলাজ। সেই জলভেজা পথের ওপর এসে দাঁড়ালেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। প্রবেশ করলেন গ্যালারি চিত্রকের মূল ফটক দিয়ে। জলরঙের চিত্র প্রদর্শনী ‘ভয়েজ অব নেচার’ উদ্বোধনে তিনি প্রধান অতিথি। উদ্বোধনের অপেক্ষা না করে শিল্পীকে নিয়ে গ্যালারিতে ঢুকে পড়লেন।
গ্যালারির শেষ ছবিটা শিল্পী হেলাল উদ্দিনের নিজের প্রতিকৃতি। সেটা দিয়েই ছবি দেখা শুরু করলেন মন্ত্রী। জানতে চাইলেন, কদিন চলবে? শিল্পী জানালেন, আজ থেকে সেপ্টেম্বরের ৪ তারিখ পর্যন্ত।
গতকাল শুরু হয় কানাডাপ্রবাসী শিল্পী এস হেলাল উদ্দিনের জলরঙের একক চিত্র প্রদর্শনী। বিকেলে গ্যালারি চিত্রকের উঠানে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেণ্য শিল্পী রফিকুন নবী। বিশেষ অতিথি ছিলেন গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান নাসিরুদ্দিন আহমেদ চৌধুরী। প্রদর্শনীতে দেখা মিলবে জলরঙে আঁকা ৬৪টি ছবির। শতাধিক ছবি থেকে প্রদর্শনের জন্য এগুলো নির্বাচন করা হয়েছে। এর প্রায় ২০টি ছবি কানাডায় আঁকা হয়েছে।