ক্যানভাসে দুই দেশের মেলবন্ধন

জাতীয় চিত্রশালার দেয়ালে ঝোলানো ক্যানভাসে বাংলাদেশ-ভারতের মেলবন্ধন ঘটেছে। সেখানে লিভিং আর্ট ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে ১৩ এপ্রিল থেকে চলছে বাংলাদেশ ও ভারতের বরেণ্য ও উদীয়মান ২৮ জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে ‘শান্তি ও একতা’ শীর্ষক ১০ দিনব্যাপী প্রদর্শনী। বিভিন্ন মাধ্যমে আঁকা এ প্রদর্শনীর শিল্পকর্মগুলোতে দুই দেশের সমকালীন চিত্রকলার বিচিত্র রূপ ফুটে উঠেছে। নান্দনিক দৃষ্টিতে নন্দিত ক্যানভাসে প্রকৃতি, মানুষ আর মানুষের আবেগ উদ্বেলতাকে মূর্ত-বিমূর্তরূপে উদ্ভাসিত করেছে।
১৩ এপ্রিল বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরেণ্য শিল্পী সমরজিৎ রায় চৌধুরী ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক জয়শ্রী কুণ্ডু।

প্রদর্শনীতে বাংলাদেশের সমরজিৎ রায় চৌধুরী, শহিদ কবীর, বীরেন সোম, রনজিৎ দাশ, রশীদ আমিন, নাসিমা খানম কুইনি, আশরাফুল হাসান, নগরবাসী বর্মন, মিন্টু দে, বিশ্বজিৎ গোস্বামী প্রমুখ এবং ভারতের বিজন চৌধুরী, রবিন মণ্ডল, ধীরাজ চৌধুরী, অনিতা রায় চৌধুরী, ওয়াসিম কাপুর, অমিতাভ সেন গুপ্ত, তপন মিত্র, সমীর আইচ প্রমুখের চিত্রকর্ম স্থান পেয়েছে।
জাতীয় চিত্রশালার তৃতীয় তলায় ২ নম্বর গ্যালারিতে প্রদর্শনী চলবে ২২ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।