ক্যানভাসে দেশের ছবি, কণ্ঠে দেশের গান
মঞ্চে সংগীতশিল্পীরা একের পর এক দেশের গান গাইছেন, প্রাঙ্গণে বসে চিত্রশিল্পীরা আঁকছেন দেশের ছবি। ক্যানভাসে ফুটে উঠছিল আবহমান বাংলার নারী, নদী ও নিসর্গ। কোনোটিতে যুদ্ধরত মুক্তিযোদ্ধা। কেউ আঁকছিলেন মুক্তিযোদ্ধার বিজয়োল্লাস। অন্য ধরনের এ আর্ট ক্যাম্পের শিরোনাম ছিল ‘মুক্তিযুদ্ধের চিত্রাঙ্কন’। গ্যালারি চিত্রক ও চ্যানেল আইয়ের সহযোগিতায় গতকাল শনিবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘর তাদের প্রাঙ্গণে আয়োজন করে এ আর্ট ক্যাম্প। উপলক্ষ স্বাধীনতার ৪০ বছর এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের পঞ্চদশ বর্ষপূর্তি। এতে অংশ নেন শিল্পী কাইয়ুম চৌধুরী, হাশেম খান, রফিকুন্নবী, শামসুদ্দোহা, শেখ আফজাল ও মনিরুজ্জামান। মঞ্চে এ সময় গাইছিলেন শাহীন সামাদ, অদিতি মহসিন, আজিজুর রহমান, কল্পনা আনাম, অনিমা রায় প্রমুখ। ‘ও আমার দেশের মাটি’, ‘মানুষ হ মানুষ হ আবার তোরা মানুষ হ’, ‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে’, ‘মাগো জন্ম আমায় দিও’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ প্রভৃতি গান পরিবেশন করেন তাঁরা। স্বরচিত কবিতা পাঠ করেন সৈয়দ শামসুল হক ও হাবিবুল্লাহ্ সিরাজী। আনিসুল হক, মান্নান হীরা, উম্মেষ দাস ও সোহেল আনোয়ারের বিভিন্ন কবিতার সমন্বয়ে ‘কবিতা কোলাজ’ পাঠ করেন আবৃত্তিকার হাসান আরিফ। চ্যানেল আইয়ের পক্ষে উপস্থাপক অভিনেতা আফজাল হোসেন প্রতিক্রিয়া জানতে চাইলে কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমি মুক্তিযুদ্ধ জাদুঘরে ছবি আঁকতে আসি নিজেকে উদ্দীপ্ত করতে এবং সেই উদ্দীপনা আমার চিত্রকর্মের দর্শকদের মধ্যে ছড়িয়ে দিতে। আমার বিশ্বাস, এ উদ্দীপনা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।’ হাশেম খান বলেন, ‘ছয় বছর ধরে আমি মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করছি। এ ধরনের ক্যাম্পে অংশ নিতে পারা সৌভাগ্যের ব্যাপার। একাত্তরে অনেক দাম দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমি আমার চিত্রকর্মের মাধ্যমে নতুন প্রজন্মকে এ বার্তাটা পৌঁছে দিতে চাই।’ অনেক বিশিষ্টজন ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব ইয়ান মার্টিন ও শিল্পী শাহাবুদ্দিন।আয়োজকরা জানান, ক্যাম্পে আঁকা চিত্রকর্ম নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হবে। এসব চিত্রকর্ম বিক্রির টাকা মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবন নির্মাণের লক্ষ্যে গঠিত তহবিলে দেওয়া হবে।