ক্যানভাসে নদী ও মাটি

গত নভেম্বরে বিশ্বসাহিত্য কেন্দ্রে হয়েছিল কুইনিস আর্টের তিন দিনের আর্ট ক্যাম্প। যাতে অংশ নেন নবীন ও প্রবীণ শিল্পীরা। সে সময় তাঁরা বাংলাদেশের নদী ও মাটিকে উপজীব্য করে আঁকেন চিত্রকর্ম। যাতে উঠে আসে বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, ঋতুবৈচিত্র্যের রূপ, প্রকৃতির বিশালতা, গ্রামীণ সৌন্দর্য আর সবুজ প্রকৃতি। শিল্পীদের তুলির আঁচড়ে আরও উঠে আসে বিভিন্ন জীবিকার মানুষের জীবনগাথা।

এই সবকিছু নিয়েই রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকার লা গ্যালারিতে আজ শুরু হচ্ছে ‘অপরূপ নদী ও মাটি’ শীর্ষক যৌথ প্রদর্শনী। কুইনিস আর্ট আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করবেন সাবেক সাংসদ অধ্যাপক আবদুল মান্নান। বিশেষ অতিথি থাকবেন শিল্পী অধ্যাপক জামাল আহমেদ ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী।
প্রদর্শনীতে অংশ নিচ্ছেন আবদুল মান্নান, নাসিম এ নাদভী, নাসিমা খানম কুইনি, লায়লা শারমিন, শামীম সুব্রানা, আশরাফুল হাসান, উত্তম কুমার রায়, আজমীর হোসাইন, আনিসুজ্জামান মামুন, রেজা কে চৌধুরী, ইসতিয়াক তালুকদার, আবদুল্লাহ্ আল বশির, সোহাগ পারভেজ, শাহনূর মামুন, মেহেদী হাসান, জাহাঙ্গীর আলম, সুলতান ইসতিয়াক, সৌরভ চৌধুরী ও ফাহমিদা খাতুন। ৩৫টি চিত্রকর্ম স্থান পাবে এই প্রদর্শনীতে; যার অধিকাংশই অ্যাক্রেলিক মাধ্যমে আঁকা।

প্রদর্শনী চলবে ২০ জুলাই পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।
