
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে চলছে শিল্পী বিমানেশ বিশ্বাসের ‘নিসর্গ সুন্দরী’ নামে চিত্রকর্ম প্রদর্শনী। গত শুক্রবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন হয়। বিমানেশ বিশ্বাস জন্মেছেন নড়াইলে। সেই সূত্রে ছোটবেলায় সান্নিধ্য পেয়েছেন পথিকৃৎ শিল্পী এস এম সুলতানের। সমৃদ্ধ ও শক্তিশালী সুলতানের কাছ থেকেই এই শিল্পী পেয়েছেন পথচলার শক্তি। তাঁর চিত্রপটে উঠে এসেছে জলরঙে আঁকা গ্রাম, নদীতীর, খাল-বিল ও শ্বাসমূলের সুন্দরবন। জলরং ও অ্যাক্রিলিকের আশ্রয়ে চিত্রিত করেছেন প্রকৃতির অসীম সৌন্দর্য। প্রদর্শনীতে বিশ্বাসের আঁকা ৩৫টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে।
প্রদর্শনীটি চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা এবং শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ।