ক্যানভাসে বাংলাদেশ-ভারতের মেলবন্ধন

ছবির শিরোনাম ‘উই শ্যাল ওভারকাম’, শিল্পীর নাম আরাফাত করিম। দুই দেশের সীমান্তে প্রতিবন্ধক নয়, বন্ধুত্বের নিদর্শন হিসেবে দাঁড়িয়ে সীমান্ত পিলার—ক্যানভাসে বিষয়টি সুস্পষ্ট। একটু এগিয়ে গেলে মিলল আরও একটি ক্যানভাস। এখানে মূর্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। শিরোনাম ‘দুই দেশ, অভিন্নহৃদয়’। এ দুই দেশ হলো বাংলাদেশ ও ভারত। দুটি স্বাধীন দেশেরই জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। বন্ধুপ্রতিম দুটি রাষ্ট্রের অভিন্নহৃদয় তিনি। দুটি দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন ফুটিয়ে তুলতে ছবিটি এঁকেছেন তরুণ শিল্পী শেখ ফায়জুর রহমান।
বাংলাদেশের ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগিতায় আয়োজন করা হয়েছে ছবি আঁকা প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৫১ জন শিল্পীর ছবি নিয়ে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে চিত্র প্রদর্শনী।
গতকাল মঙ্গলবার বিকেলে জয়নুল গ্যালারির উন্মুক্ত চত্বরে এ প্রদর্শনীর উদ্বোধন ও প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয়। উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা আর্ট কলেজের অধ্যক্ষ গোবিন্দ রায়। স্বাগত বক্তব্য দেন চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন চিত্রশিল্পী মনিরুল ইসলাম, আবুল বারক আলভী, কনকচাঁপা চাকমা ও রণজিৎ দাশ।
প্রতিযোগিতার বিষয় ছিল ‘ভারত¦বাংলাদেশ’। স্বভাবতই শিল্পীদের ক্যানভাসে উঠে এসেছে বন্ধুত্ব। দুটি দেশের মানুষে মানুষে সম্পর্ক, ব্যবসায়িক ও অংশীদারত্বমূলক যোগাযোগ, বঙ্গবন্ধু, ইন্দিরা গান্ধী—নানা বিষয়। প্রদর্শনীটির শিরোনাম ‘ইন্ডিয়া@বাংলাদেশ’।
অনুষ্ঠানের অতিথিদের বক্তব্যে বারবার উঠে এল দুই দেশের বন্ধুত্বের কথা। হর্ষ বর্ধন শ্রিংলা মন্তব্য করেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের যে দর্শন, সেটাই শিল্পীদের ছবিতে উঠে এসেছে। তিনি বলেন, ‘দুটি দেশের সহযোগিতামূলক সম্পর্কের ক্ষেত্র দিন দিন বিকশিত হচ্ছে। শিল্পীরা সেসব যেভাবে ফুটিয়ে তুলেছেন সেটা খুবই আশাপ্রদ।’ তিনি জানান, শিল্পীদের এই ছবিগুলো বারিধারায় হাইকমিশনের চ্যান্সেলর ভবনের শোভা বৃদ্ধি করবে।
আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘সৃজনশীলতা বিকাশের জন্য যে ধরনের সুস্থ পরিবেশ দরকার, তা আদতে নেই। যার ফলে বাংলাদেশসহ বিশ্বজুড়ে জঙ্গিবাদের বিস্তার ঘটেছে।

বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠের তরুণেরা তাতে জড়িয়ে পড়ছে। আমাদের এসব নিয়ে আরও ভাবতে হবে। সৃজনশীল চর্চার মধ্য দিয়েই প্রতিহত করতে হবে জঙ্গিবাদসহ নানা প্রতিক্রিয়াশীল কার্যক্রম।’ ভারতীয় হাইকমিশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-সংস্কৃতি বিকাশ কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান উপাচার্য।
প্রতিযোগিতায় ছবি এঁকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তিন শিক্ষার্থী। তাঁদের মধ্যে প্রথম পুরস্কার পান আরাফাত করিম, দ্বিতীয় শেখ ফায়জুর রহমান ও তৃতীয় পুরস্কার পান অজয় স্যানাল। পুরস্কার হিসেবে তাঁর পান যথাক্রমে এক লাখ, ৭৫ হাজার ও ৫০ হাজার টাকা। তিনজনকেই দেওয়া হয় ক্রেস্ট ও সনদপত্র। এ ছাড়া সম্মাননা পুরস্কার পান আরও পাঁচ তরুণ শিল্পী। তাঁদের প্রত্যেককে দেওয়া হয় ১০ হাজার টাকা ও সনদপত্র।
প্রদর্শনীটি ঘুরে আসা যাবে ২০ আগস্ট পর্যন্ত প্রতিদিন ১১টা থেকে সন্ধ্যা ৭টা।