ক্যানভাসে বাংলার অনাবিল বর্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টির প্রতি বাঙালির আকর্ষণ চিরন্তন। বর্ষাকালে অনাবিল সৌন্দর্যে উদ্ভাসিত হয় প্রকৃতি। ঊর্ধ্বলোক থেকে নেমে এসে বৃষ্টি দূর করে মলিনতা, ভরিয়ে দেয় শুষ্কতা। শিল্পী এ্যালি খানের একান্ত অনুভূতিগুলোকেও বুঝি নাড়া দিয়ে গেছে বৃষ্টি। তাঁর শিল্পীমনকে করেছে প্রভাবিত। অনুপ্রেরণা জুগিয়েছে নতুন শিল্পকর্মের। তাঁর রং-তুলির খেলায় উদ্ভাসিত হয়েছে নয়নাভিরাম বর্ষার নানা রূপ। রঙের পরে রং চাপিয়ে এঁকেছেন বৃষ্টিস্নাত ঋতুর নানা দৃশ্যপট। সেসব চিত্রকর্ম নিয়ে গতকাল মঙ্গলবার থেকে আলিয়ঁস ফ্রঁসেজের জুম গ্যালারিতে শুরু হলো শিল্পীর দ্বিতীয় একক চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম ‘দ্য রেইন’ বা বৃষ্টি।শরতের বিকেলে এ প্রদর্শনী উদ্বোধনের আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি ছিলেন চিত্র সমালোচক মইনুদ্দীন খালেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আর্ট, লিটারেচার অ্যান্ড কালচারাল কাউন্সিলের উপদেষ্টা খায়রুল আলম এবং একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান গোলাম রব্বানী খান। সভাপতিত্ব করেন আলিয়ঁস ফ্রঁসেজ দো, ঢাকার পরিচালক অলিভিয়ের লিতভিন।১৮ দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ১ অক্টোবর পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে। রবীন্দ্রস্মৃতিধন্য স্থানে আর্ট ক্যাম্পরবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি অঙ্গনে আয়োজন করা হয়েছিল নানা অনুষ্ঠানের। তারই ধারাবাহিকতায় শিল্পকলা একাডেমীর উদ্যোগে বাংলাদেশে কবিগুরুর স্মৃতিধন্য চার স্থানে বিশেষ আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে। কুষ্টিয়ার শিলাইদহ ও সিরাজগঞ্জের শাহজাদপুরে ২১ থেকে ২৩ সেপ্টেম্বর এবং নওগাঁর পতিসর ও খুলনার দক্ষিণডিহিতে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে। প্রতিটি স্থানে দেশের ১০ জন বরেণ্য চিত্রশিল্পী অংশগ্রহণ করবেন।মঙ্গলবার একাডেমীর সেমিনার কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, সচিব মনজুরুর রহমান, নাট্যকলা বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ ও চারুকলা বিভাগের পরিচালক আনোয়ার হোসেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, শিলাইদহের আর্ট ক্যাম্পে অংশ নেবেন রফিকুন নবী, আবু তাহের, আবদুস শাকুর শাহ্, হামিদুজ্জামান খান, অলকেশ ঘোষ, নাসরীন বেগম, মোহাম্মদ মনিরুজ্জামান, নিসার হোসেন, শেখ আফজাল হোসেন ও আহমেদ শামসুদ্দোহা।শাহজাদপুরের আর্ট ক্যাম্পে অংশ নেবেন শিল্পী কাইয়ুম চৌধুরী, তাহেরা চৌধুরী, কে এম এ কাইয়ুম, ফরিদা জামান, গোলাম ফারুক, আতিয়া ইসলাম, রাফি হক, শাহজাহান আহমেদ বিকাশ, মাকসুদা ইকবাল নিপা, তরিকত ইসলাম ও সহিদ কাজী।পতিসরের আর্ট ক্যাম্পে অংশ নেবেন শিল্পী হাশেম খান, মনসুর উল করিম, নাসিম আহমেদ নাদভী, মোহাম্মদ ইউনুস, রেজাউন নবী, বিমানেষ চন্দ্র বিশ্বাস, মোস্তাফিজুল হক, সুলেখা চৌধুরী ও আবদুস সাত্তার তৌফিক।দক্ষিণডিহির আর্ট ক্যাম্পে অংশ নেবেন শিল্পী সমরজিৎ রায়চৌধুরী, রেজাউল করিম, আবদুল মান্নান, জামাল আহমেদ, নজরুল ইসলাম, দুলাল চন্দ্র গাইন, আশরাফুল আলম, ফারহানা ইয়াসমিন, সিনথিয়া আরেফিন ও সিদ্ধার্থ দে।কলকাতার ফ্যাশন শোতে বিবি রাসেলকলকাতা প্রতিনিধি জানান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের ফ্যাশন শো এবার কলকাতা দর্শকদের মুগ্ধ করেছে। এক নতুন আঙ্গিকে বিবি রাসেলের ফ্যাশন ডিজাইনাররা হেঁটেছেন র‌্যাম্পে। পরেছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা পোশাক। কলকাতার একটি অভিজাত হোটেলে এই ফ্যাশন শো শুরু হয় ১৪ সেপ্টেম্বর। শেষ হয়েছে ১৭ সেপ্টেম্বর। সিগনেচার ফ্যাশন উইকে বিবি রাসেলের ফ্যাশন ডিজাইনাররা র‌্যাম্পে হাঁটেন লালনগীতি ‘ধন্য ধন্য বলি তারে’ গানের তালে তালে। পরনে হলুদ ও সবুজ রঙের নানা পোশাক। কারও হাতে একতারা। র‌্যাম্পে বিবি রাসেলের এই ফ্যাশন শো মুগ্ধ করে কলকাতাবাসীকে।