ক্যানভাসে বেদনার্ত সময়ের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিধ্বস্ত নীলিমা চারপাশে। ক্রমবর্ধমান নগরায়ণের কোপে পড়ে উদ্বাস্তু হয়ে পড়েছে সবুজ শ্যামলিমা। বৃক্ষ-নিচয়, সুনিবিড় বনভূমি যে বড়ই বিপন্ন আমাদের দেশে, সেই বার্তাকেই শিল্পসুষমায় তুলে ধরছেন তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল শিল্পী আশরাফুল হাসান। ‘বেদনার্ত সময়’ নামের এই প্রদর্শনী আজ সকাল থেকেই খোলা থাকবে কলানুরাগী দর্শকদের জন্য সন্ধ্যা সাতটা পর্যন্ত। প্রচলিত রীতিতে কোনো উদ্বোধনী অনুষ্ঠান হবে না। এটি চলবে ২৩ অক্টোবর পর্যন্ত।প্রদর্শনীতে শিল্পকর্ম রয়েছে ৩৭টি। এর মধ্যে ক্যানভাসে তেল ও অ্যাক্রিলিকের কাজ ১১টি। ১৭টি লিথোগ্রাফ ও এচিংয়ের ছাপচিত্র আর নয়টি রয়েছে কালি-কলম-চারকোলের ড্রয়িং। মানুষ ও বৃক্ষের পারস্পরিক নির্ভরতার মিথস্ক্রিয়া তিনি তুলে ধরছেন শরীরী অভিব্যক্তিকে প্রাধান্য দিয়ে। সেখানে মানুষের অবয়ব আর বৃক্ষের কাণ্ড-শাখা-মূল পরস্পর এমন এক অভিযোজনের মধ্য দিয়ে এগিয়ে যায়, যা পরিণতি লাভ করে অচ্ছেদ্য এক অস্তিত্বের প্রকাশ ঘটিয়ে। নিসর্গের বিপর্যয় এবং জীবনের ক্ষয়িষ্ণুতা নিয়ে তিনি কাজ করেছেন ‘উন্ডেড নেচার’, ‘ডার্ক ইমেজ’ এসব সিরিজে। এ ছাড়া আছে কলম নিয়ে সিরিজ।গতকাল বৃহস্পতিবার প্রদর্শনী উপলক্ষে প্রেস প্রিভিউয়ের আয়োজন করা হয়। শিল্পী আশরাফুল হাসান ও গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী প্রদর্শনীর কাজগুলোর প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। সাহিত্যবিশারদের জন্মবার্ষিকীবাংলা সাহিত্যের খ্যাতিমান গবেষক আবদুল করিম সাহিত্যবিশারদের ১৪১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমী গতকাল বৃহস্পতিবার বিকেলে একাডেমীর সেমিনার কক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ভূঁইয়া ইকবাল। আলোচনায় অংশ নেন অধ্যাপক আবুল আহসান চৌধুরী, অধ্যাপক গোলাম মুস্তাফা ও ইসরাইল খান। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান।অনুষ্ঠানে সদ্যপ্রয়াত বাংলা একাডেমীর সাবেক পরিচালক ওবায়দুল ইসলাম ও বিশিষ্ট সংগীতগুণী বিদিত লাল দাস স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।তরুণ কবি ও লেখক পুরস্কার চলতি বছরের এইচএসবিসি-কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কারের নিয়মাবলি ঘোষণা করা হয়েছে। কবিতা, ছোটগল্প ও উপন্যাস, প্রবন্ধ, গবেষণা ও নাটক এবং মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা বা প্রবন্ধ গ্রন্থ এই চারটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। চারটি বিভাগের প্রতিটি বিভাগের পুরস্কারের মান এক লাখ টাকা। ২০০৮ থেকে এই পুরস্কার প্রবর্তন করা হয়।গতকাল বৃহস্পতিবার বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ২০১২ সালের পুরস্কারের নিয়মাবলি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে এইচএসবিসির প্রধান নির্বাহী অ্যান্ড্রু টিল্ক, কালি ও কলম পত্রিকার সম্পাদক আবুল হাসনাত বক্তব্য দেন।