ক্যানভাসে মূর্ত হলেন মোহাম্মদ আলী

পুরো ক্যানভাসে চেনা মুখটি। সাদা-কালো। সব ছাপিয়ে সামনে এগিয়ে এসেছে তাঁর মুষ্টি। টকটকে লাল! বুঝতে বাকি থাকে না বিপুল শক্তির উৎস হিসেবে সাদা-কালোর মাঝে ব্যবহৃত হয়েছে প্রতীকী লাল রং।
এভাবেই বক্সিং রিংয়ের রাজা মোহাম্মদ আলীকে চিত্রভাষ্যে রূপ দিয়েছেন চিত্রশিল্পী প্রশান্ত কর্মকার। ক্যানভাসে তরুণ মোহাম্মদ আলী থেকে তাঁর শেষজীবন পর্যন্ত উপস্থাপন করেছেন এই শিল্পী। সেসব ছবি নিয়ে সেজেছে গুলশান অ্যাভিনিউয়ের রেডিয়াস সেন্টারের বে গ্যালারি। এখানে চলছে শিল্পীর একক প্রদর্শনী, ‘মোহাম্মদ আলী : দ্য লিজেন্ড লাইভস অন’।
এটি শিল্পীর ২০তম প্রদর্শনী—যেখানে ৩২টি চিত্রকর্ম স্থান পেয়েছে।
বক্সিং রিংয়ে মোহাম্মদ আলীর রাজকীয় অভিব্যক্তিকে ক্যানভাসে মূর্ত করেছেন শিল্পী। দুনিয়া কাঁপানো এই বক্সার বক্সিং রিংয়ে যেমন প্রজাপতির মতো উড়ে গিয়ে মৌমাছির মতো করে প্রতিপক্ষকে হুল ফোটাতেন—সেসব অনবদ্য ভঙ্গিমা উদ্ভাসিত হয়েছে ছবিতে। একটি প্রতিকৃতিতে লাল রংয়ের জমিনের ভেতর থেকে আবির্ভূত হয়েছেন এই গ্রেট বক্সার। বিজয়ী হওয়ার বাসনায় চোখে-মুখে দৃশ্যমান প্রচণ্ড ক্ষিপ্রতা। আরেক ছবিতে চিরজীবন তারুণ্যের প্রতীক হিসেবে সবুজ রঙের আশ্রয়ে মেলে ধরা হয়েছে মোহাম্মদ আলী মুখাবয়ব। রিংয়ের দড়িতে হাত রেখে দাঁড়িয়ে আছেন আলী; জয়ের অদম্য বাসনায় প্রতিপক্ষকে আঘাত করছেন; ধরাশায়ী প্রতিপক্ষের সামনে পাহাড়ের মতো অবিচল ভঙ্গিমায় কিংবা মুষ্টিবদ্ধ হাতে প্রস্তুতি নিচ্ছেন আঘাতের—এমন নানা অভিব্যক্তি উপস্থাপিত হয়েছে ছবিগুলোয়।
প্রদর্শনীর অধিকাংশ ছবিই আঁকা হয়েছে উজ্জ্বল রঙের ব্যবহারে। অ্যাক্রেলিক ও মিশ্র মাধ্যমের আশ্রয়ে ক্যানভাস ও পেপারে সৃজিত হয়েছে ছবিগুলো।
গেল ৩০ জুলাই থেকে শুরু হওয়া মাসব্যাপী এ প্রদর্শনী চলবে ৩০ আগস্ট পর্যন্ত।