
রেজাউন নবী প্রকৃতির ছবি অনেক দিন ধরে আঁকছেন। প্রকৃতি মনে যে ক্রিয়া তৈরি করে, তার প্রতিক্রিয়াই হয়ে ওঠে তাঁর ছবি।
রাজধানীর মহাখালীর গ্যালারি কসমসে আয়োজিত হয়েছে শিল্পী রেজাউন নবীর প্রদর্শনী ‘মেটামরফিক-ন্যাচারালি ট্রান্সফরমড’। প্রদর্শনীর উদ্বোধনীতে শিল্পী নিজেই বললেন এসব কথা। বললেন, প্রকৃতির বিভিন্ন সময়ের দৃশ্য, বস্তু, আলোছায়া তাঁর মনে খেলা করে। সকাল, সন্ধ্যা, শান্ত কিংবা ঝড়ের রাতে একই প্রকৃতির বিভিন্ন রূপ তিনি দেখেন, মনে ধারণ করেন, তারপর সেগুলোই রং হয়ে খেলা করে ক্যানভাসে।
প্রদর্শনী চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যালারি সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে জলরং, অ্যাক্রিলিক, তেলরংয়ে আঁকা ৪০টি ছবি আছে। শিল্পী জানালেন, দু-একটি ছবি ২০১২ সালে আঁকা। বেশির ভাগ ছবি ২০১৫ ও ২০১৬ সালে আঁকা হয়েছে। এটি শিল্পীর সপ্তম একক প্রদর্শনী।
ছুটির দিন বলে শুক্রবার চিত্র প্রদর্শনী উদ্বোধনের জন্য প্রশস্ত দিন। কিন্তু গতকাল শুক্রবার চীনা রাষ্ট্রপতির সফর এই রীতি ভেঙে দিল। প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ নির্ধারিত সময়ের আগে এসেই ঘুরে গেলেন। ছিলেন সান্তা গ্রুপের পরিচালক খন্দকার জামিল উদ্দিন, বিজিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান, গ্যালারি কসমসের পরিচালক তেহমিনা এনায়েত ও প্রদর্শনীর কিউরেটর শিল্পী আফরোজা জামিল। রেজাউন নবীর ভাই শিল্পী রফিকুন নবীরও আসার কথা ছিল। কিন্তু তীব্র যানজটের কারণে শেষ পর্যন্ত তিনি আসতে পারেননি।