ক্যানভাসে শিল্পীর আত্মানুসন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রাবণের প্রথম বিকেলে খুলে দেওয়া হয়েছে গ্যালারির দরজা। বাইরে বৃষ্টি, ভেতরে এক তরুণ চিত্রকরের নিজেকে সন্ধানের প্রচেষ্টা। নিজেকে জানার আগেই মানুষ নিজেকে হারিয়ে ফেলেছে। এটা আত্মহারা মানুষের নিজেকে খুঁজে ফেরার সময়। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই সৈয়দ ফিদা হোসেন এঁকেছেন একগুচ্ছ ছবি। সেসব নিয়ে প্রদর্শনী ‘অ্যানিগমা’ শুরু হয়েছে ধানমন্ডির ইএমকে সেন্টারের গ্যালারিতে।
ফিদা কীভাবে করছেন মানবিক অস্তিত্বের সন্ধান? ক্যানভাসে-অ্যাক্রিলিকেও কি সেই সন্ধান তুলে আনা সম্ভব? ফিদা জানালেন, মানুষের নিজের সঙ্গে প্রতিদিনকার যে দ্বন্দ্ব, সেটা সাধারণ মানুষও অনুভব করে। শিল্পী অনুভব করেন আরও গভীরভাবে। প্রতিদিনের প্রতিকূলতাকে ভেতর থেকে দেখে এসে শুধু এঁকে ফেলা। অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমে সেভাবে ১৪টি ছবি এঁকেছেন ফিদা। সময় নিয়েছেন প্রায় এক বছর। গ্যালারিতে ঝোলানো তাঁর ছবিগুলোয় দর্শনার্থী ও শিল্পবোদ্ধারা খুঁজে নিতে পারবেন আত্মানুসন্ধানী ফিদাকে কিংবা নিজেকে।
গত শনিবার বিকেলে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক ও চিত্রশিল্পী জামাল আহমেদ। সভাপতিত্ব করেন ইএমকে সেন্টারের পরিচালক এম কে আরেফ। প্রদর্শনীটির আয়োজন করেছে ইএমকে সেন্টার ও আর্টকন। চলবে ২৮ জুলাই পর্যন্ত। শুক্রবার বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মাইডাস সেন্টারের এই গ্যালারি।