ক্যানভাসে সুফিয়া কামাল
ঘরের এক পাশে বিছানা পাতা ছোট একটি খাট। অন্য পাশে টেবিলে রাখা ফুলশোভিত ফুলদানি আর একটি বই। খোলা জানালার ওপারে গাছপালা, ফুল, পাখি, আকাশ ও চাঁদ। দৃশ্যটি কবি সুফিয়া কামালের শোবার ঘর নিয়ে আঁকা একটি ছবির।কবি ও নারী প্রগতি আন্দোলনের অন্যতম অগ্রপথিক সুফিয়া কামালের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আর্ট ক্যাম্পে এ ছবিটি এঁকেছেন শিল্পী ইফফাত আরা দেওয়ান। কবির কাব্যিক নামের বাড়ি ধানমন্ডির ‘সাঁঝের মায়া’য় দুই দিনব্যাপী এই আর্ট ক্যাম্প শুরু হয়েছে গতকাল রোববার সকালে। আয়োজক শিল্প-সংস্কৃতির অন্যতম পৃষ্ঠপোষক বেঙ্গল ফাউন্ডেশন।ক্যাম্পে অংশ নেন কবিকন্যা সাইদা কামালসহ মোট ১৫ জন শিল্পী। গতকাল বিকেলে সাঁঝের মায়ায় গিয়ে দেখা যায় শিল্পীদের বেশ কয়েকজন ক্যানভাসে ফুটিয়ে তুলছেন কবির স্মৃতিবিজড়িত এ বাড়ির বিভিন্ন অংশ ও সংলগ্ন প্রাঙ্গণের গাছপালাসহ পারিপার্শ্বিক পরিবেশ। কোনো কোনো ক্যানভাসে আছেন কবিও। শিল্পী মনিরুল ইসলাম এঁকেছেন কবির বুকশেলফ ও এর আশপাশের আসবাব। হাশেম খানের অর্ধসমাপ্ত ছবিতে দেখা যায় কবির বিভিন্ন বয়স ও আকৃতির বেশ কয়েকটি প্রতিকৃতি। শহীদ কবিরের ক্যানভাসের বিষয়বস্তু একটি চেয়ার। এ চেয়ারে বসে কবি পড়তেন। নামাজ আদায় ও খাওয়া-দাওয়াও সারতেন কখনো কখনো। ফরিদা জামানের ছবিতে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে গাছপালার ফাঁক দিয়ে কবি চেয়ে আছেন আকাশপানে।এ ছাড়াও ক্যাম্পে অংশ নেন শিল্পী কাইয়ুম চৌধুরী, মুস্তাফা মনোয়ার, রফিকুন নবী, আবুল বারক আলভী, সৈয়দ জাহাঙ্গীর, সমরজিৎ রায় চৌধুরী, মাহমুদুর হক, রোকেয়া সুলতানা ও কনকচাঁপা চাকমা।ক্যাম্পের আয়োজক বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক সুবীর চৌধুরী জানান, কবি সুফিয়া কামালের পরিবারের সহযোগিতায় তাঁরা পাঁচ দিনব্যাপী এক উৎসবের আয়োজন করেছেন। এরই অংশ এই ক্যাম্প।সুবীর চৌধুরী আরও জানান, আর্ট ক্যাম্পে আঁকা চিত্রকর্মগুলো বেঙ্গল শিল্পালয়ে ২৪ থেকে ২৮ জুন প্রদর্শিত হবে। পরে ছবিগুলো কবি ভবনে স্থাপিত হতে যাওয়া প্রস্তাবিত জাদুঘরে সংরক্ষিত হবে।কবি সুফিয়া কামালের জন্মশতবার্ষিকী আজআজ ২০ জুন, সোমবার, নারী জাগরণের অন্যতম পথিকৃৎ, কবি সুফিয়া কামালের শততম জন্মবার্ষিকী। ১৯১১ সালের এই দিনে তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। ১৯৯৯ সালে তাঁর মৃত্যু হয়।সুফিয়া কামালের শততম জন্মবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, দেশের নারীসমাজের এক উজ্জ্বল নক্ষত্রের নাম কবি সুফিয়া কামাল। তিনি উপমহাদেশে নারীসমাজকে কুসংস্কার ও অবরোধের বেড়াজাল থেকে মুক্ত করতে অগ্রণী ভূমিকা পালন করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, সুফিয়া কামাল ছিলেন আবহমান বাঙালি নারীর প্রতিকৃতি। মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশে শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তাঁর প্রত্যক্ষ উপস্থিতি সবাইকে অনুপ্রাণিত করেছে। সাহিত্যে তাঁর সৃজনশীলতা ছিল অবিস্মরণীয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বিভিন্ন সংগঠন নানা আয়োজনের মধ্য দিয়ে কবির শততম জন্মবার্ষিকী উদ্যাপনের আয়োজন করেছে।বাংলাদেশ মহিলা পরিষদ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতির শততম জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক বক্তৃতা, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও সুফিয়া কামাল জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদ আজ থেকে চার দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। আজ সকাল সাড়ে সাতটায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা সমাবেশ ও সকাল আটটায় আজিমপুর কবরস্থানে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হবে।এ ছাড়া কাল মঙ্গলবার থেকে ২৩ জুন পর্যন্ত জাতীয় নাট্যশালায় উৎসব চলবে।জাদুঘরে নতুন গ্যালারিপ্রাচীন বাংলার পোড়ামাটি শিল্পের নিদর্শন নিয়ে জাতীয় জাদুঘরের নতুন গ্যালারির উদ্বোধন করা হলো গতকাল। এটি জাদুঘরের ১৬ নম্বর গ্যালারি। পোড়ামাটির শিল্পকর্ম বাংলার লোকায়ত শিল্পকলার গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। নতুন গ্যালারিতে প্রদর্শিত পোড়ামাটির নিদর্শনগুলো তুলে ধরেছে শত শত বছরের পুরোনো ইতিহাস। পোড়ামাটির ফলকে উঠে এসেছে প্রাচীন বাংলার দৈনন্দিন জীবন, প্রকৃতি, মানুষ, জীবজন্তুসহ বিভিন্ন চিরায়ত বিষয়।এর আগে দুপুরে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজন করা হয় বিশেষ সেমিনারের। সেমিনারে সংশোধিত জাদুঘর ম্যানুয়াল ২০১০-এর খসড়া উপস্থাপন করা হয়। ম্যানুয়ালটি জাতীয় জাদুঘরের কার্যক্রম পরিচালনার একটি নির্দেশিকা।