ক্যানসার চিকিৎসা শেষে আবার গানে খেয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেয়া
খেয়া

ক্যানসারের চিকিৎসা শেষে ২২ জুলাই দেশে ফেরেন ‘ব্ল্যাক হর্স-আরটিভি গোল্ডেন কি’ প্রতিযোগিতার অন্যতম প্রতিযোগী খেয়া। দেশে এসেই আবার গানে ফিরলেন তিনি। গত মঙ্গলবার নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন খেয়া। প্রায় তিন মাস পর তিনি নতুন গানে কণ্ঠ দিলেন। শফিক আহমেদ পরিচালিত ‘স্বপ্ন ছোঁয়া’ চলচ্চিত্রের দ্বৈতগানে খেয়ার সঙ্গে গেয়েছেন তৌসিফ। ‘মনেরই গহিনে’ শিরোনামের গানটি সুর করেছেন আহমেদ হুমায়ুন।

ক্যানসারে আক্রান্ত খেয়ার অস্ত্রোপচার হয়েছে ভারতে। এখনো কিছুটা অসুস্থতা থাকলেও গান গাইতে তাঁর কোনো সমস্যা হচ্ছে না। আর তাই দ্রুতই আবার গানে ফিরেছেন তিনি। দেশে ফিরে গান শুরু করা নিয়ে খেয়া বলেন, ‘সবার ভালোবাসায় আমি ফিরে এসেছি। আল্লাহর রহমতে গান গাওয়ার সময় আগের মতোই ভালো লাগছে। তবে চলাফেরায় খানিকটা অসুবিধা হচ্ছে। মেরুদণ্ডের ব্যথা সারতে কয়েক মাস লাগতে পারে।’

খেয়া আরও জানান, কয়েকটি কেমোথেরাপি নিয়ে এসেছেন তিনি। বাকি থেরাপিগুলো দেশে নেবেন। তবে চেকআপের জন্য ভারতে যেতে হবে।

এ বছরের এপ্রিলে খেয়ার প্রথম একক ‘মন মানে না’ বের হয়। আর তখনই খেয়ার শরীরে ক্যানসার  ধরা পড়ে। মে মাসের শেষ সপ্তাহে ভারতে চিকিৎসার জন্য যান। সেখানে ২৩ মে খেয়ার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

প্রসঙ্গত, এবারের ঈদে আলোচিত গায়ক আরফিন রুমীর ‘পরজনম’ অ্যালবামে খেয়ার দুটি গান রয়েছে। এর আগে ‘বলো না কোথায় তুমি’ এবং শহীদের সঙ্গে গাওয়া ‘তুমি আমার ভাবনা নদী’ গান দুটি শ্রোতাপ্রিয় হয়।