ক্যানসার-জয়ী যুবরাজকে নিয়ে ‘জিন্দেগি আভি বাকি হ্যায়’
ভারতীয় ক্রিকেট খেলোয়াড় যুবরাজের ক্যানসারের সঙ্গে যুদ্ধজয়ের গল্প নিয়ে ‘জিন্দেগি আভি বাকি হ্যায়’ শিরোনামে তিন পর্বের টিভি সিরিজ প্রচার করবে স্যাটেলাইট টিভি চ্যানেল কালারস। ‘জিন্দেগি আভি বাকি হ্যায়’ পরিচালনার দায়িত্বে রয়েছেন গুরমিত সাপাল। এই টিভি সিরিজে ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রে যুবরাজের চিকিত্সা নেওয়ার সময়কালে তাঁর বন্ধু নিশান্তের ধারণ করা কিছু ভিডিও চিত্রও। এ ছাড়া ক্যানসারের সঙ্গে তাঁর যুদ্ধের আদ্যোপান্ত বর্ণনা করেছেন যুবরাজ। ফুসফুসে বিরল ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রথম জানার পর তাঁর অনুভূতির কথা জানিয়েছেন তিনি; জানিয়েছেন ক্যানসারের সঙ্গে যুদ্ধে জয়ী হওয়ার জন্য তাঁর দৃঢ় সংকল্পের কথা।কালারসসহ আরও কয়েকটি টিভি চ্যানেলে সিরিজটি প্রচারের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন কালারস টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজনায়ক। টিভি সিরিজটির কিছু কাজ বাকি থাকায় এখনো এর প্রচারের দিনক্ষণ চূড়ান্ত হয়নি।‘জিন্দেগি আভি বাকি হ্যায়’ সম্পর্কে ইন্দো-এশিয়ান নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে যুবরাজ বলেন, ‘তিন পর্বের এই টিভি সিরিজের প্রতিটি পর্বই গুরুত্বপূর্ণ। আমার ক্যানসারে আক্রান্ত হওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন ধাপ ক্যামেরাবন্দী করার ব্যবস্থা করেছিলাম। সেগুলো মিলিয়েই তৈরি করা হয়েছে এ টিভি সিরিজ।’ যুবরাজ আরও বলেন, ‘গত ছয়-সাত মাসে জীবনের পথে যে চড়াই-উতরাই পার হতে হয়েছে আমাকে, তার টুকরো টুকরো স্মৃতি ধরে রাখতেই এ উদ্যোগ নিয়েছিলাম। ওই সময়টায় আমার মানসিক অবস্থা কেমন ছিল তা দেখা যাবে ভিডিও ফুটেজগুলোতে। আমি যখন বুড়ো হয়ে যাব, তখন এগুলো দেখে আমার জীবনে যে ঝড় বয়ে গেছে তা অনুভব করতে পারব আমি।’ এই টিভি সিরিজ প্রচার থেকে যে আয় হবে, তার পুরোটাই দেওয়া হবে যুবরাজের ইউউইক্যান ফাউন্ডেশনকে। প্রতিষ্ঠানটি ক্যানসার-সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানা ধরনের কাজ করে থাকে।