ক্যানসার রোগীদের পাশে দাঁড়ালেন সালমান
দরিদ্র ক্যানসার রোগীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউডের অভিনেতা সালমান খান। সম্প্রতি ভারতের বান্দ্রায় অবস্থিত নিজের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে ক্যানসার রোগীদের জন্য চিকিত্সা ক্যাম্প খুলেছেন দাতব্য কাজের জন্য সুপরিচিত এ তারকা। এক খবরে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, দরিদ্র ক্যানসার রোগীদের মাত্র দুই রুপির বিনিময়ে চিকিত্সকের পরামর্শ নেওয়ার সুযোগ করে দিয়েছেন সালমান। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ক্যানসার ক্যাম্পে সালমান একজন চিকিত্সক নিয়োগ দিয়েছেন। এ ছাড়া রোগীদের সামলাতে সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছেন দুজন দেহরক্ষী। আপাতত জন প্রতি দুই রুপি করে নেয়া হলেও, ভবিষ্যতে সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিত্সা সেবা পাবেন দরিদ্র রোগীরা।প্রসঙ্গত, সালমান ২০১০ সালে বিয়িং হিউম্যান দাতব্য সংস্থা খোলার পর থেকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে সেবামূলক নানা কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়েছেন। অনেক দিন থেকেই ক্যানসার রোগীদের সাহায্যার্থে কাজ করে যাচ্ছেন ৪৭ বছর বয়সী এই বলিউডের তারকা।