ক্যানসার সচেতনতায় শুভেচ্ছা দূত তিন বোন
এর আগেও বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের গুণী অভিনয়শিল্পী তিন বোন চন্দা, ববিতা ও চম্পা। এবার তাঁরা যুক্ত হচ্ছেন স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা তৈরির কার্যক্রমে। স্তন ক্যানসার নিয়ে সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পালন করবেন তাঁরা তিনজন। এরই অংশ হিসেবে আজ শনিবার বিকেলে অ্যাপোলো হাসপাতাল কার্যালয়ে স্তন ক্যানসার-বিষয়ক কর্মশালায় অংশ নেবেন সুচন্দা, ববিতা ও চম্পা। অনুষ্ঠানে বেশ কয়েকজন সফল নারী উদ্যোক্তাও উপস্থিত থাকবেন। সুচন্দা বলেন, ‘অভিনয়ের পাশাপাশি সব সময় চেয়েছি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে। এখন যেহেতু অভিনয়ের চাপটা কম, তাই সামাজিক নানা কর্মকাণ্ডের সঙ্গে থাকার চেষ্টা করছি। অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা তৈরির ভাবনাটি আমাদের তিন বোনের ভালো লেগেছিল, তাই এটির সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহটা প্রকাশ করি।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি, আমাদের মাধ্যমে যদি সমাজের একজন নারী কিংবা মেয়েও যদি স্তন ক্যানসারের ব্যাপারে সচেতন হন, তাতেই আমাদের সার্থকতা।’ এ প্রসঙ্গে ববিতা বলেন, ‘স্তন ক্যানসারের ব্যাপারে সুচন্দা আপার সঙ্গেই প্রথম হাসপাতাল কর্তৃপক্ষের আলোচনা হয়। আপার কাছে বিষয়টি সম্পর্কে জানতে পারি। বাংলাদেশের মেয়ে ও নারীরা যাতে স্তন ক্যানসার থেকে পরিত্রাণ পান, সে লক্ষ্যেই আমরা কাজ করব।’এদিকে অ্যাপোলো হাসপাতালের মহাব্যবস্থাপক (ব্যবসা উন্নয়ন) চিকিৎসক শাগুফা আনোয়ার জানিয়েছেন, ‘আমাদের দেশের শিক্ষিত নারীদেরও কিন্তু স্তন ক্যানসারের ব্যাপারে তেমন সচেতনতা নেই। স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা তৈরির জন্য আমরা অ্যাপোলো হাসপাতাল ছাড়াও দেশের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নানা কার্যক্রম হাতে নিয়েছি। এ কার্যক্রমে আমরা এমন কাউকে খুঁজছিলাম যাঁরা অনেক বেশি পরিচিত মুখ। এমনকি সামাজিকভাবেও একটা ভালো অবস্থানে রয়েছেন। সবকিছু ভেবে মনে হলো সুচন্দা আপার সঙ্গে আলোচনা করি। তারপর উনি নিজেই ববিতা আপা ও চম্পার নাম প্রস্তাব করেন। একসঙ্গে বাংলা চলচ্চিত্রের গুণী এই অভিনয়শিল্পী বোনদের পাওয়াটাও কিন্তু অনেক সৌভাগ্যের।’