ক্যানসার হার মানল মনীষার কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনীষা কৈরালা
মনীষা কৈরালা

শরীরে বাসা বেঁধেছিল যে প্রাণঘাতী ক্যানসার, তাকে শেষপর্যন্ত পরাস্ত করতে সক্ষম হয়েছেন নেপালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী মনীষা কৈরালা। আজ বুধবার মনীষা তাঁর ফেসবুক পাতায় এ সুখবর জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘চিকিৎসকের মুখে যখন শুনলাম আমি “ক্যানসারমুক্ত”, তখন কান্নায় ভেঙে পড়েছিলাম। এটাকে আমার “পুনর্জন্ম” বলতে চাই আমি।’
গত বছরের নভেম্বরে ডিম্বাশয়ে ক্যানসার শনাক্ত হওয়ার পর উন্নত চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় ৪২ বছর বয়সী এ অভিনেত্রীকে। ডিসেম্বরে নিউইয়র্কের একটি হাসপাতালে মনীষার অস্ত্রোপচার সম্পন্ন হয়। সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল ছেড়ে পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি হোটেলে উঠেছিলেন তিনি। ক্যানসার থেকে পুরোপুরি মুক্তি পেতে যুক্তরাষ্ট্রে তাঁর কেমোথেরাপিও চলছিল।
মনীষা জানিয়েছেন, ক্যানসারকে পরাস্ত করতে পারলেও জটিল এ রোগের ধকলে তাঁর স্বাস্থ্য ভেঙে পড়েছে। পুরোপুরি সেরে উঠতে তাঁর আরও কিছুদিন সময় লাগবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরোপুরি সুস্থ হতে আমাকে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আপনাদের প্রার্থনা আর আশীর্বাদের কল্যাণেই আজ আমি ক্যানসারকে পরাস্ত করতে পেরেছি। আমি নিশ্চিত, ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে একদিন অবশ্যই আপনাদের সবার মাঝে ফিরতে পারব।’

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে মনীষা তাঁর ফেসবুক পাতায় লিখেছেন, ‘আমার পরিবারের সদস্য, পুরোনো ও নতুন বন্ধুসহ আমার ক্যানসার ক্লাবের সদস্যরা সব সময় আমাকে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা জুগিয়েছেন। আমার আম্মা, ঈশ্বর, ফেসবুক ও টুইটার বন্ধুসহ সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ। সবার নিঃস্বার্থ ভালোবাসার কারণেই আমি নতুন জীবন পেলাম।’

১৯৯১ সালে ‘সওদাগর’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছিলেন নেপালের সম্ভ্রান্ত কৈরালা পরিবারের মেয়ে মনীষা কৈরালা। পরবর্তী সময়ে ‘১৯৪২: এ লাভ স্টোরি’, ‘দিল সে’, ‘মন’, ‘লজ্জা’সহ বেশ কয়েকটি ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন তিনি। মাঝে কিছুদিন অনিয়মিত থাকলেও ২০১২ সালে ‘ভূত রিটার্নস’ ছবির মধ্য দিয়ে বলিউডে প্রত্যাবর্তন ঘটে তাঁর। ছবিটি মুক্তির পর আরও কয়েকটি ছবির প্রস্তাব আসে মনীষার কাছে। বলিউডে নিয়মিত হওয়ার জন্য পুরোদমে প্রস্তুতিও শুরু করেন তিনি। কিন্তু বাদ সাধে শারীরিক অসুস্থতা। গত বছর হঠাত্ করেই তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে।

ক্যানসারের মতো কঠিন রোগ দেহে বাসা বাঁধলেও মনীষা কখনোই ভেঙে পড়েননি। শুরু থেকেই সবকিছু সহজভাবে নিয়ে ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সঠিক চিকিত্সা, মানসিক শক্তি আর সবার ভালোবাসাকে হাতিয়ার করে অবশেষে কঠিন সেই যুদ্ধে জয়ী হলেন তিনি। পুরোপুরি সুস্থ হয়ে তিনি আবার নিয়মিত অভিনয় করবেন এবং চমত্কার সব ছবি উপহার দেবেন—এমনটাই প্রত্যাশা সবার।