ক্যানসারের ঝুঁকি কমাতে জোলির আরেকটি অস্ত্রোপচার

ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে অস্ত্রোপচারের মাধ্যমে স্তন অপসারণের পর এবার ডিম্বাশয় অপসারণের পরিকল্পনা করছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ‘পিপল ম্যাগাজিন’।
ক্যানসারে আক্রান্ত হয়ে ২০০৭ সালে মাত্র ৫৬ বছর বয়সে মারা যান জোলির মা ও মার্কিন অভিনেত্রী মার্শেলাইন বারট্র্যান্ড। মায়ের কাছ থেকে ‘বিআরসিএওয়ান’ নামের ত্রুটিযুক্ত জিন পেয়েছিলেন জোলি। এই জিনের প্রভাবে ডিম্বাশয় কিংবা স্তন ক্যানসারের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। জোলির ক্ষেত্রেও তেমন ঝুঁকি ধরা পড়ায় বিশেষজ্ঞদের পরামর্শে দুটি স্তনই অপসারণ করার সিদ্ধান্ত চূড়ান্ত করেন তিনি। তিন মাস ধরে চলা জটিল ওই অস্ত্রোপচার-প্রক্রিয়া শেষ হয় গত এপ্রিলে।
অস্ত্রোপচারের পর জোলির স্তন ক্যানসারের ঝুঁকি ৮৭ শতাংশ থেকে কমে মাত্র ৫ শতাংশে নেমে আসে। কিন্তু এখনো ৫০ শতাংশ ডিম্বাশয় ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে তাঁর। এই ঝুঁকির মাত্রা কমিয়ে আনতে এবার অস্ত্রোপচারের মাধ্যমে ডিম্বাশয় অপসারণের পরিকল্পনা করছেন ৩৭ বছর বয়সী এ তারকা অভিনেত্রী, নির্মাতা ও চিত্রনাট্যকার।