ক্যামেরন ক্রো

l বিখ্যাত অস্কারজয়ী পরিচালক ও লেখক ক্যামেরন ক্রোর জন্মদিন ১৩ জুলাই। l রোলিং স্টোন-এর সবচেয়ে কমবয়সী প্রদায়ক ছিলেন ক্যামেরন ক্রো। প্রতিষ্ঠানটির প্রদায়ক সম্পাদক থেকে সহযোগী সম্পাদকও হয়েছেন তিনি। এখনো নিয়মিত লিখে যাচ্ছেন এই ম্যাগাজিনে। পাশাপাশি চলছে ছবির কাহিনি লেখা ও পরিচালনার কাজ। l এই লেখক-পরিচালকের জন্ম ১৯৫৭ সালের ১৩ জুলাই আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পাল্ম স্প্রিংসে। তাঁর প্রকৃত নাম ক্যামেরন ব্রুস ক্রো। কর্কট রাশির জাতক। l রক গ্রুপ হার্টের একসময়কার সদস্য এবং বর্তমানে সংগীত পরিচালক ন্যান্সি উইলসনের সঙ্গে দীর্ঘদিনের সংসারের ইতি ঘটেছে তাঁর। সেই ঘরে রয়েছে দুটি যমজ সন্তান। l মাত্র ১৩ বয়স বয়সেই স্থানীয় সান ডিয়েগো ডোর ম্যাগাজিনে সংগীতের ওপর লিখতে শুরু করেন। এরপর ইউনিভার্সিটি অব সান ডিয়েগো থেকে সাংবাদিকতায় ডিগ্রি নেন। l ছবিনির্মাতা ক্যামেরন ক্রোর প্রিয় ছবি বিলি উইল্ডারের দ্য অ্যাপার্টমেন্ট (১৯৬০)। বিলিকেই তিনি তাঁর আদর্শ মানেন এবং তাঁকে ও অড্রে ইয়াংকে যৌথভাবে তাঁর অর্জিত একমাত্র অস্কারটি উত্সর্গ করেছেন। l তাঁর পরিচালিত ছবিগুলোর একটি সাধারণ বৈশিষ্ট্য হলো, তিনি প্রায় সব ছবিতেই টু কিল অ্যা মকিং বার্ড উপন্যাসের কথা টানেন। তাঁর বিখ্যাত ছবিগুলোর মধ্যে অলমোস্ট ফেমাস (২০০০), জেরি ম্যাগুইর (১৯৯৬), ভ্যানিলা স্কাই (২০০১), উই বট এ জু (২০১১) ইত্যাদি উল্লেখযোগ্য। l ছবির পেছনের মানুষটিকে কোথায় পাওয়া যাবে, সেটা বলে দিচ্ছি। www.cameroncrowe.com লিখে এন্টার চাপলে আপনি চলে যাবেন www.theuncool.com নামের একটি সাইটে। এখান থেকেই জানতে পারবেন তাঁর সম্পর্কে অজানা কিছু, আর জানাতে পারেন জন্মদিনের শুভেচ্ছা ফেসবুক ও টুইটারে। আমরা নাহয় পত্রিকার পাতায়ই তাঁকে জানাই জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা—ভালো থাকুন ক্যামেরন ক্রো, দি আনকুল! l দেব দুলাল গুহ
তথ্যসূত্র: ইয়াহু মুভিজ, আইএমডিবি, রোটেন টমেটো ইত্যাদি