ক্যামেরা, ল্যাপটপ খুইয়ে বিপাকে বিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আয়োজিত এক অনুষ্ঠানে গান গাওয়ার সময় নিজের ল্যাপটপ ও ক্যামেরা খুইয়েছেন কানাডীয় পপগায়ক জাস্টিন বিবার। তাঁর ল্যাপটপ ও ক্যামেরা নিয়েই ক্ষান্ত হয়নি চোর, বিবারের ব্যক্তিগত ছবি ও ভিডিও ফুটেজ ফাঁস করে দেওয়ারও হুমকি দিয়েছে। সব মিলিয়ে নিদারুণ বিপাকে পড়ে গেছেন ‘টিন সেনসেশন’খ্যাত ১৮ বছর বয়সী এই গায়ক।৯ অক্টোবর খোয়া গেছে বিবারের ল্যাপটপ ও ক্যামেরা। পরদিন এ চুরির সঙ্গে জড়িত ব্যক্তিরা টুইটারের মাধ্যমে হুমকি দিয়েছে বিবারকে। তারা টুইট করে জানিয়েছে, ‘তুমি বোকার মতো যেসব ছবি তুলেছিলে এবং ভিডিও করেছিলে, সেসব আমরা হাতে পেয়েছি। আগামীকালই সবাইকে এগুলো দেখার সুযোগ করে দেব আমরা।’ হুমকি দেওয়ার পাশাপাশি বিবারের কয়েকটি ব্যক্তিগত ভিডিও ফুটেজও ইউটিউবে পোস্ট করেছে তারা। এক খবরে এমনটিই জানিয়েছে ইয়াহু নিউজ। এর এক দিন পর ১১ অক্টোবর আবারও টুইটারের মাধ্যমে বিবারকে হুমকি দেওয়া হয়। এবার লেখা হয়, ‘আমাদের অগ্রাহ্য করার মতো দুঃসাহস তুমি দেখিয়ো না। আমাদের সঙ্গে যোগাযোগ করো। নইলে তোমার ক্যামেরায় ধারণ করা বাকি ভিডিওগুলো ফাঁস করে দেওয়া হবে।’ এমন প্যাঁচে পড়ে যারপরনাই বিরক্ত ও ক্ষুব্ধ জাস্টিন বিবার। চোরদের হুমকির জবাবে পাল্টা টুইটার বার্তায় তিনি লেখেন, ‘কারও ব্যক্তিগত ছবি ও ভিডিও চুরি করে ফাঁস করে দেওয়ার মতো লজ্জাজনক আর কিছুই হতে পারে না।’বিবার আরও লিখেছেন, ‘সেদিনের অনুষ্ঠানে আমার ল্যাপটপ, ক্যামেরা এবং আমার ট্যুর ব্যবস্থাপক জশের কিছু জিনিস চুরি গেছে। খোয়া যাওয়া ল্যাপটপ ও ক্যামেরায় আমার ব্যক্তিগত মুহূর্তের অসংখ্য ছবি ও ভিডিও রয়েছে। এ চুরির ঘটনা আমাকে নিদারুণ বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। এ নিয়ে আমি খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। অন্যের ব্যক্তিগত জীবনের প্রতি সবারই শ্রদ্ধা থাকা উচিত। যাদের সেটা নেই, তাদের প্রতি তীব্র ঘৃণা ও অশ্রদ্ধা প্রকাশ করছি আমি।’এদিকে, ওই চুরির ঘটনার পরপরই ইন্টারনেটে বিবারের নগ্ন ছবি ফাঁস হওয়ায় হইচই পড়ে গেছে চারদিকে। অবশ্য ছবিটি বিবারের কি না, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিবারের পক্ষ থেকে কিছু জানানো না হলেও তাঁর ভক্তদের দাবি, প্রকাশিত ছবিটি বিবারের নয়।