ক্যামেরাবন্দী হলো শাহরুখ-তনয় আবরাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

সম্প্রতি ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের মান্নাত বাসভবনের বারান্দায় তাঁর পাঁচ মাস বয়সী ছেলে আবরামকে ক্যামেরাবন্দী করেছেন আলোকচিত্রীরা। এরই মধ্যে ছবিটি প্রকাশিতও হয়েছে। ছবিতে দেখা গেছে, বারান্দায় ছোট্ট আবরামকে কোলে নিয়ে তাকে ফিডার খাওয়াচ্ছেন একজন গৃহপরিচারিকা। অবশ্য ছবিটিতে আবরামের চেহারা স্পষ্টভাবে ফুটে ওঠেনি।

গত মে মাসে তৃতীয় সন্তানের বাবা হয়েছেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান। জন্মের আগেই ছেলে আবরামের লিঙ্গ নির্ধারণের অভিযোগ ওঠায় মামলা হয় শাহরুখের বিরুদ্ধে। ব্যাপক বিতর্কের মুখেও পড়তে হয় তাঁকে। আবরামের হাঁড়ির খবর ফাঁস করায় মিডিয়ার ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হন শাহরুখ।

শাহরুখ শুরু থেকেই আবরামকে নিয়ে লুকোচুরি খেলছেন। জনসমক্ষে আবরামের কোনো ছবি যাতে প্রকাশিত হতে না পারে, তার সব ব্যবস্থাই করেছেন। কিন্তু আবরামকে ক্যামেরাবন্দী করার জন্য অনেক দিন থেকেই ওত পেতে ছিলেন আলোকচিত্রীরা। অবশেষে সফল হলেন তাঁরা। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

আলোকচিত্রীরা আবরামের ছবি তোলার বিরল সুযোগটি পান ঈদুল আজহার দিনে। বিশেষ দিনটিতে মান্নাত বাসভবনের বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ। কিন্তু সেদিন শাহরুখ নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় তাঁর ছেলে আবরাম। অল্প সময়ের জন্য আবরামকে বারান্দায় নিয়ে এসেছিলেন একজন গৃহপরিচারিকা। ব্যস, মুহূর্তের মধ্যে জ্বলে ওঠে ওত পেতে থাকা আলোকচিত্রীদের ক্যামেরার ফ্ল্যাশ। এভাবেই ক্যামেরাবন্দী করা হয় আবরামকে।

মান্নাত বাসভবনের বারান্দায় গৃহপরিচারিকার কোলে আবরাম খান
মান্নাত বাসভবনের বারান্দায় গৃহপরিচারিকার কোলে আবরাম খান


শাহরুখ গত ২৭ মে তৃতীয় সন্তানের বাবা হয়েছেন। তৃতীয় সন্তানের বাবা হতে সারোগেসি পদ্ধতির সাহায্য নিয়েছেন তিনি। এ পদ্ধতিতে বাবা-মায়ের অনাগত সন্তানের ভ্রূণ পরিবারের বাইরের কোনো নারীর গর্ভে বেড়ে ওঠে। শুরুতে আবরামের সারোগেট মায়ের পরিচয় গোপন রাখা হলেও পরে জানা যায়, তাকে পৃথিবীর আলো দেখিয়েছেন শাহরুখ-গৌরীর নিকট আত্মীয়া নমিতা শিবার। গর্ভধারণের ৩৪ সপ্তাহ পর গত ২৭ মে আন্ধেরির মাছরানি হসপিটাল ফর উইমেনে আবরামের জন্ম হয়।
জন্মের পর জটিলতা দেখা দেওয়ায় প্রথমে আবরামকে জুহুর নানাবতি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গত ৪ জুন তাকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে স্থানান্তর করা হয়। এভাবে মাস খানেক হাসপাতালে চিকিত্সাধীন থাকার পর সুস্থ হয়ে উঠলে জুলাই মাসের শুরুর দিকে শাহরুখের মান্নাত বাসভবনে নিয়ে যাওয়া হয় আবরামকে।
তৃতীয়বার বাবা হতে গিয়ে ভালোই ঝক্কি পোহাতে হয়েছে শাহরুখকে। সন্তান জন্মের আগেই লিঙ্গ নির্ধারণের অভিযোগ ওঠায় তাঁকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়। কারণ, ভারতে এ ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ ও বেআইনি। এমনকি শাহরুখের বিরুদ্ধে পিসিপিএনডিটি (প্রি-কনসেপশন অ্যান্ড প্রি-ন্যাটাল ডায়াগনস্টিক টেকনিকস) অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ মামলা ঠুকে দেন সমাজকর্মী বর্ষা দেশপান্ডে।

গৃহপরিচারিকার কোলে আবরাম খান
গৃহপরিচারিকার কোলে আবরাম খান

এসব কারণে বাবা হওয়ার পর দুঃখ ও আনন্দের মিশ্র অনুভূতি হচ্ছে বলেই জানিয়েছিলেন শাহরুখ। ব্যক্তিগত বিষয়টি নিয়ে মিডিয়ার বাড়াবাড়িতে তিনি প্রচণ্ড বিরক্ত ও ক্ষুব্ধ হন। অভিমানে শুরুর দিকে পরিবারের নতুন অতিথি সম্পর্কে কোনো তথ্যই তিনি দেননি। এমনকি তৃতীয় সন্তানটি ছেলে না কি মেয়ে, সে বিষয়েও মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। পরে অবশ্য আবরাম সম্পর্কে খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে জনসমক্ষে কথা বলেন শাহরুখ।
দুই সন্তান আরিয়ান (১৫) ও সুহানার (১৩) জন্মের সময় প্রচণ্ড ব্যস্ত থাকায় পিতৃত্ব উপভোগের ফুরসতই মেলেনি শাহরুখের। মূলত এ কারণেই স্ত্রী গৌরী খানের পরামর্শে তৃতীয়বারের মতো বাবা হতে রাজি হন ৪৭ বছর বয়সী এ তারকা অভিনেতা।