বিষণ্ন দুপুর। মধ্যগগনে মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে সূর্য। তার নিচে দূরে ডালপালা মেলে দাঁড়িয়ে আছে ছোট-বড় কয়েকটি গাছ। সামনে ধানের বীজতলা। সবুজের সমারোহের নবীন ধানের চারাগুলো যেন ভূমি থেকে আলো ছড়িয়ে প্রকৃতিকে আরও মনোরম করেছে এ বিষণ্ন দুপুরকে। ভারতে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার একটি গ্রামের এ ছবিটি ক্যামেরায় ধারণ করেছেন সৌমিত্র দত্ত। গত রোববার ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হয়েছে ভারতের এই আলোকচিত্রীর একক প্রদর্শনী ‘নীরব অলাৈকিক’। প্রদর্শনীতে ভারত ও বাংলাদেশে তোলা ৫৪টি ছবি স্থান পেয়েছে। আলোছায়ার খেলায় প্রকৃতির সূক্ষ্ম ও গভীর সৌন্দর্য ধরা পড়েছে তাঁর ছবিতে। তাঁর ক্যামেরায় ভারতের ঝাড়খন্ডের কঠিন পর্বতের পাথর মূর্ত হয়েছে যেন শিল্পীর তৈরি ভাস্কর্য হয়ে। আবার রয়েছে মুম্বাইয়ের সমুদ্রসৈকতের কারুমণ্ডিত সৈকত কিংবা বাংলাদেশের যমুনা নদীর চরে ধান রোপণের দৃশ্য। প্রদর্শনীর কিউরেটর এ এস এম রেজাউর রহমান শিল্পীকে পরিচয় করিয়ে দেন। এ সময় ছবি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘সৌমিত্রর লেন্সে প্রকৃতির সুপ্ত সৌন্দর্য কাব্য রচনা করে। প্রকৃতিই আমাদের সকল মানবিক আবেগ, আনন্দ, ভালোবাসা, দুঃখ এবং হতাশার চূড়ান্ত আধার। তাই তিনি বারবার প্রকৃতির কাছে ফিরে যান।’প্রদর্শনীটি আগামী ৫ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।চীনা চলচ্চিত্র উৎসব বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে গতকাল শুরু হয়েছে চার দিনব্যাপী চীনা চলচ্চিত্র উৎসব। চীনের নববর্ষ বরণ উপলক্ষে বাংলাদেশে চীনা দূতাবাস, বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং কনফুসিয়াস ক্লাসরুম যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জুন উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরিচালক সারা আরা মাহমুদ, কনফুসিয়াস ক্লাসরুমের চীনা পরিচালক শিয়েনান আকাশ বক্তব্য দেন। চার দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসবে চীনে নির্মিত সাতটি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এ প্রদর্শনীর প্রতিপাদ্য বিষয় ‘কুংফু’।