ক্যামেরার চোখে রূপলাল হাউস
দৃক গ্যালারির সাদা দেয়ালে বুড়িগঙ্গার তীরঘেঁষা একটি সাদাকালো বাড়ির ছবি ছিল। সেটার সিঁড়ির ধাপ বুড়িগঙ্গার জলে নেমেছে। দেয়ালের বিপরীত দিকেই আরও কিছু আলোকচিত্র, সেখানে বাড়িটির রঙিন ছবি। সেটিতে নদীতে নেমে যাওয়া সিঁড়ির ধাপগুলো নেই, আছে দোকানপাট। পলেস্তারা খসে দেয়ালে গজিয়েছে বুনো গাছ। এক সময়ের সুরম্য এ বাড়িটির নাম রূপলাল হাউস। বাড়িটির এখনকার ছবি তুলেছেন আলোকচিত্রী মোহাম্মদ ইব্রাহীম।
গতকাল বিকেলে ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হলো এ বাড়িটিকে নিয়ে প্রদর্শনী ‘রূপলাল হাউস, ওয়েটিং ফর আ লাইট অব রেজারেকশন’। উদ্বোধক মুনতাসীর মামুন বলেন, যদি মনে করেন যে একে বাঁচানো আপনাদের দায়িত্ব, নিজেদেরই এগিয়ে আসতে হবে। আলোকচিত্রী মুনেম ওয়াসিফ বলেন, ঐতিহ্য টিকিয়ে রাখার মানসিকতা তৈরি করা দরকার।
অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান আজিম বক্স, আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার প্রেসিডেন্ট আব্দুল মাজিদ চৌধুরী, আলোকচিত্রী বাবু আহমেদ ও রূপলাল দাসের বংশধর রণদীপ দাস। সেখানে পড়া হয় কলকাতা থেকে পাঠানো রূপলাল দাসের নাতনি মীরা দাসের একটি আবেগঘন চিঠি। প্রদর্শনী চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।